একটি গণিত প্রজন্মের লক্ষ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণিত উৎ​সব ২০১৬–এর উদ্বোধনী
জাতীয় গণিত উৎ​সব ২০১৬–এর উদ্বোধনী

ময়মনসিংহে আঞ্চলিক গণিত উৎসবে কথা হচ্ছিল একজন অভিভাবকের সঙ্গে। কলেজ থেকে ছুটি নিয়ে সারা দিন ছেলের সঙ্গে কাটাবেন বলে উৎসবে এসে হাজির হয়েছেন। ষষ্ঠ শ্রেণিপড়ুয়া তাঁর ছেলে প্রতিদিন সকালে বাবার সঙ্গে হাঁটতে যায়। ‘সেদিন বাড়িতে ফেরার সময় সিঁড়িতে হঠাৎ সে বলে উঠল—মিলে গেছে। আমি অবাক হয়ে তার দিকে তাকাতেই বলল—বাবা, বিড়ালের অঙ্কটা মিলে গেছে!’

শিক্ষার্থীদের মধ্যে নিজে নিজে গাণিতিক সমস্যার সমাধান করার ঝোঁক বাড়ছে
শিক্ষার্থীদের মধ্যে নিজে নিজে গাণিতিক সমস্যার সমাধান করার ঝোঁক বাড়ছে

না, এ অভিভাবক একা নন। সারা দেশের আনাচকানাচে এখন অনেক অভিভাবক তাঁদের সন্তানদের গণিতের প্রতি এমনতর ভালোবাসা দেখতে পাচ্ছেন। নেত্রকোনায় এক মা তাঁর ছেলেকে কোলে করে আমার কাছে এসে জানালেন, তাঁর ছেলে স্কুলে ভর্তি হবে না। সে গণিত অলিম্পিয়াডে ভর্তি হতে চায়!

আজ থেকে দেড় দশক আগে জামিলুর রেজা স্যার, জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার, মতি ভাইয়ের নেতৃত্বে এবং প্রথম আলো আর ডাচ্‌–বাংলা ব্যাংকের সহযোগিতায় আমরা যে ছোট উৎসবটি শুরু করেছিলাম, তা এখন আমাদের শিক্ষার্থীদের প্রাণের মেলায় পরিণত হয়েছে।  প্রতিবছর আমাকে জাতীয় উৎসবের বিশেষ সংখ্যা, ছবি ইত্যাদি নিয়ে যেতে হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আসরে। কারণ, ওখানে অনেকেই প্রতিবছর আমাদের মাঠে মাঠে গণিতের এই উৎসবের খবর জানার জন্য অপেক্ষা করেন। নজর রাখে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোও।

আজীবন সম্মাননা: অধ্যাপক ফজলী হোসেন
আজীবন সম্মাননা: অধ্যাপক ফজলী হোসেন

ডাচ্‌–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত আসর বসেছিল গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকে​ন্ডারি স্কুলে। এবারের উৎসবের সবচেয়ে নজরকাড়া ছিল অভিভাবকদের উপস্থিতি। কয়েক বছর আগেও অনেক অভিভাবক তাঁর সন্তানকে বিদ্যালয়ের শিক্ষক কিংবা অন্য অভিভাবকদের সঙ্গে পাঠিয়ে দিতেন। এখন আর সে সুযোগ দেন না। এখন অনেকেই সপরিবারে ঢাকার উৎসবে আসেন। নানা বা দাদারাও এখন নাতি-নাতনির সঙ্গে গণিত উৎসবে আসেন। এই বিষয়টা আমরা আগে কখনো দেখিনি। ফলে, জাতীয় উৎসবের দ্বিতীয় দিনে মাঠে অতিরিক্ত আরও ৪০০ চেয়ার আনার পরও অনেককেই দাঁড়িয়ে থাকতে হয়েছে!
কেবল উৎসব নয়
গণিত ঘিরে শিক্ষার্থীদের আগ্রহের মূল বিন্দু গণিত উৎসব হলেও সেটাতেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। অংশগ্রহণকারীদের মধ্য গণিতের প্রতি আগ্রহ, ভালোবাসা, তাদের চেষ্টা ও নিষ্ঠা সম্পর্কে জানার জন্য আমরা একটি জরিপ চালিয়েছি। জরিপের ফলাফল থেকে বোঝা যাচ্ছে, দেশের শিক্ষার্থীদের মধ্যে ধীরে ধীরে একটা গাণিতিক সংস্কৃতি দানা বাঁধছে। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৩৮ শতাংশ জানিয়েছে, তারা প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা গণিত নিয়ে সময় কাটায় আর ২৫ শতাংশ জানিয়েছে, তারা প্রতিদিন তিন ঘণ্টার বেশি সময় গণিত নিয়ে ব্যস্ত থাকে। এই শেষের দলে সম্ভবত আমাদের ময়মনসিংহের ছেলেটিও আছে। শুধু তা–ই নয়, এদের মধ্যে ৩২ শতাংশের বেশি প্রতিদিন পাঠ্যবইয়ের বাইরের গণিত বই নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে। গণিত অলিম্পিয়াডে আমরা কখনো আমাদের প্রশ্নের পুনরাবৃত্তি করি না। তারপরও ৮৪ শতাংশ শিক্ষার্থী পুরোনো অলিম্পিয়াডের প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করে। অনেকেই সব সমস্যার সমাধান করতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে তারা সেটি নিয়ে লেগে থাকে না! মাত্র ৩ শতাংশ ছেলেমেয়ে বলেছে, তারা না–পারা সমস্যা নিয়ে আর এগোয় না। কিন্তু ৭৪ শতাংশই বলেছে, তারা সেটি পারার চেষ্টা করতেই থাকে।

শিক্ষার্থীরা প্রায় সবাই প্রথম আলো পত্রিকার গণিত ইশকুল পাতার কথা বলেছে। বলেছে, নিয়মিত সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা থাকলে তাদের এগিয়ে যেতে সুবিধা হয়।

আজীবন সম্মাননা: অধ্যাপক সুব্রত মজুমদার
আজীবন সম্মাননা: অধ্যাপক সুব্রত মজুমদার

মাথায় কত প্রশ্ন
শুরু হয়েছিল গণিত কী, কোথা থেকে এসেছে—এসব দিয়ে। প্রশ্নোত্তর পর্বে এখন কিন্তু আর সাধারণ বা আবিষ্কারের প্রশ্ন থাকে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবার আমাদের সঙ্গে গিয়েছিলেন কয়েকটি আঞ্চলিক উৎসবে। তাঁর একটাই অভিমত, শিক্ষার্থীদের এই প্রশ্ন করার আগ্রহটা যাতে না কমে, সে জন্য আমাদের আরও কাজ করতে হবে। আমাদের তরফ থেকে আমরা বিশ্ববিদ্যালয় ও কলেজের গণিত বিভাগগুলোকে অনুরোধ করি, তারা যেন বছরে একটা দিনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এমন সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের দরজা খোলা রাখে।

গণিত মঞ্চে জাতীয় দলের তিন ক্রিকেটা​র
গণিত মঞ্চে জাতীয় দলের তিন ক্রিকেটা​র

বই আর ক্যাম্প
গণিত উৎসবের প্রাঙ্গণে আরও দুটো বিষয়ের জবাব দিতে আমাদের মুভার্সদের তৎপর থাকতে হয়। একটি হলো গণিত–বিষয়ক বইয়ের খবর। কোন পর্যায়ের শিক্ষার্থীদের কোন বই পড়া দরকার। আমাদের স্বেচ্ছাসেবকেরা মনের আনন্দে এই প্রশ্নের জবাব দেন। জানিয়ে দেন গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে রয়েছে একটি তালিকা। এ ছাড়া প্রতিবছরই প্রকাশিত হচ্ছে নতুন নতুন গণিতের বই। এগুলোর বেশির ভাগরই লেখক আমাদের গণিত ক্যাম্পের ক্যাম্পার কিংবা মেন্টর।
আমরা যখন শুরু করি, তখন আমরা বলতাম, একসময় আমাদের শিক্ষার্থীদের জীবনের একটি বড় লক্ষ্য হয়ে উঠবে গণিত ক্যাম্পে যোগ দেওয়া। মাত্র এক যুগের মধ্যে এখন এই ধারণাটি প্রতিষ্ঠিত হয়েছে। ৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের গণিত ক্যাম্প। আর এই ক্যাম্পে অংশগ্রহণের সুযোগের জন্য আমার ফোন বেজেই চলেছে। অনেক অভিভাবক নিজের সন্তানের খরচ দিয়ে হলেও তাকে ক্যাম্পে পাঠাতে চান! আমাদের সামর্থ্য কম বলে আমরা সবাইকে ক্যাম্পে ডাকতে পারি না। তবে এ বছর থেকে আমরা বিভাগীয় পর্যায়ে ক্যাম্প করব বলে ঠিক করেছি। পাশাপাশি আমরা এও দেখছি যে অনেক স্থানেই আমাদের পুরোনো ক্যাম্পাররা নিজেদের বৃত্তি আর টিউশনির টাকা খরচ করে ক্যাম্প পরিচালনা করেন। তাঁদের কারও কারও লক্ষ্য থাকে নিজ এলাকার একজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রেরণ করা। সে জন্য তাঁরা লড়ে যাচ্ছেন। অভিভাবকেরা ইচ্ছে করলে তাঁদের পাশে দাঁড়াতে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে।

সবাইকে ধন্যবাদ

শুরু থেকে গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনের সঙ্গে রয়েছে প্রথম আলো। প্রথম আলো ও প্রথম আলোর সম্পাদকের প্রতি আমাদের সবিশেষ কৃতজ্ঞতা। ২০০৪ সাল থেকে আর্থিক পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে ডাচ্‌–বাংলা ব্যাংক আমাদের এই উৎসবের পরিসর বাড়াতে সহায়তা দিয়ে যাচ্ছে। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রতিবছর আমাদের উৎ​সবের ঝক্কি–ঝামেলা সামলাচ্ছে। প্রথম আলো বন্ধুসভা ও গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবকেরা একটি গাণিতিক সংস্কৃতি গড়ার জন্য প্রাণান্তকর পরিশ্রম করছেন। তঁাদের প্রতি ভালোবাসা। জাতীয় উৎসবকে সুন্দর করার জন্য সেখানে এসেছিল সিসিমপুর, রূপান্তর থিয়েটার, মোহাম্মদপুর স্টান্ট ভাইপার্জ, নিত্যরঙ, ডেনিশ, মিল্কম্যান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। তাদের সবার প্রতি আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবশেষে ধন্যবাদ আমাদের অংশগ্রহণকারী, তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি।

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে একটি গাণিতিক সংস্কৃতি গড়ার লড়াইয়ে একদিন নিশ্চয়ই আমরা সফল হব।

ছবি তুলেছেন: জিয়া ইসলাম, হাসান রাজা, জাহিদুল করিম, সুমন ইউসুফ ও নাসির খান