একটি গরু আনা আয়নালের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর বছর বয়সী আয়নাল হক। বয়স বাড়লেও কমেনি মনের জোর। এই বয়সেও সংসারের হাল ধরে রেখেছেন। পুষেছেন একটি গরু। একটু বেশি দাম পাওয়ার আশায় সেই গরুটি নিয়ে নাটোর থেকে এসেছেন ঢাকার আফতাবনগর হাটে।

অন্যদের সঙ্গে একটি ট্রাকে করে গরু নিয়ে গত বুধবার ঢাকায় নামেন আয়নাল। হাটে তোলার পর গরুটির দাম হেঁকেছেন ৩ লাখ টাকা।

আয়নাল হক প্রথম আলোকে বললেন, ‘ঢাকায় এসেছি দুটি পয়সা বেশি পাওয়ার আশায়। অনেক কষ্ট করে এসেছি। আঠারো ঘণ্টা ছিলাম ট্রাকে। সেই থেকে ঠিকমতো ঘুম নেই-খাওয়া নেই। এখন গরু যেখানে ঘুমায়, আমিও সেখানে ঘুমাই।’

সত্তর বছর বয়সী আয়নাল হক।ছবি:আসাদুজ্জামান
সত্তর বছর বয়সী আয়নাল হক।ছবি:আসাদুজ্জামান

আফতাবনগর পশুরহাট এখনো সেভাবে জমে ওঠেনি। ক্রেতাদের আনাগোনাও কম। তবে ঠিকঠাক মতো গরুটি বিক্রি করে বাড়ি যেতে চান আয়নাল। শুক্রবার বিকেল ৪টা। দুপুরের খাবার খাচ্ছিলেন আয়নাল হক। সাদা ভাতের সঙ্গে বেগুন ভর্তা। নেই অন্য কোনো তরকারি।

আয়নালের মতোই আরেকজন দুটি গরু নিয়ে এসেছেন পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠে। তিনি আবদুল খালেক মাতবর। তবে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন। এসেছেন মাদারীপুর থেকে। গত মঙ্গলবার ঢাকায় নামা খালেক বললেন, ‘রাজধানীতে টাকাওয়ালা বড় বড় সাহেবরা থাকেন। অনেক কষ্ট দুটি গরু পুষেছি। এলাকার চেয়ে পাঁচ-দশ হাজার টাকা বেশি বেচব বলে ঢাকায় এসেছি। এখন দেখা যাক, মনের আশা পূরণ হয় কী না?’ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে খাবার খাচ্ছিলেন খালেক। সঙ্গে ছিল ছেলে জামাল। তিনিও খাচ্ছিলেন। ভাতের সঙ্গে আলু ভর্তা। সঙ্গে পাতলা ডাল। নিজেরা রেঁধেছেন।

আয়নাল আর খালেকের মতো অনেকেই গরু খামারি-ব্যবসায়ীরা এসেছেন ঢাকায়। বারো থেকে আঠারো ঘণ্টা দীর্ঘ ভ্রমণের পর ক্লান্ত শরীর নিয়ে যেখানে জায়গা পাচ্ছেন সেখানে ঘুমিয়ে পড়ছেন। গরু যেখানে রাখা হয়েছে, সেখানে মালিকও ঘুমিয়ে পড়ছেন।

আবদুল খালেক মাতবর। ছবি: আসাদুজ্জামান
আবদুল খালেক মাতবর। ছবি: আসাদুজ্জামান

গরু আনা আরও কয়েকজন বললেন, গরুকে যখন ট্রাকে তোলা হয় ঠিক তখন থেকে তাদের আর ঘুম থাকে না। অনেক কষ্ট করতে হয় তাদের। দুটি পয়সা লাভের আশায় এত কষ্ট করে ঢাকায় আনা।

দুঃখ করে বৃদ্ধ আয়নাল হক বললেন, ‘গরু বিক্রি করতে ঢাকায় আসা সত্যিই কষ্টের। অনেক কষ্ট সহ্য করতে হয়। এলাকার চেয়ে দুটি পয়সা বেশি পেলে সব কষ্ট ভুলে যাব।’ খালেক মাতবর বললেন, ‘দিনের পর দিন অনেক কষ্ট করে গরু পালি। একটা গরু পালতে কৃষকের যে কত কষ্ট হয় তা কাউকে বোঝানো যাবে না!’

আয়নালের গরু । ছবি: আসাদুজ্জামান
আয়নালের গরু । ছবি: আসাদুজ্জামান