একটি গাছের বিয়োগগাথা
গাবগাছটির সুশীতল ছায়াতলে জিরিয়ে নিতে দেখা যেত ঘর্মাক্ত কোনো রিকশাচালক বা ক্লান্ত পথিককে। পাকা গাব পাড়তে গাছের মগডালে দেখা যেত দুরন্ত কিশোরের দলকে। চাঁপাইনবাবগঞ্জ শহরবাসীর অনেক স্মৃতিবিজড়িত ১২০ বছরের প্রাচীন গাবগাছটি কেটে ফেলা হচ্ছে।
এ গাছটির জন্যই শহরের এই মোড়ের নাম হয়েছিল গাবতলার মোড়। কিন্তু গত সোমবার পৌরসভা গাছটির সব ডালপালা কেটে ফেলে। এখন মূল অংশ কেটে ফেলা হচ্ছে।
শহরবাসীর অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ যত মানুষ এ মোড় দিয়ে যাতায়াত করেছেন তাঁদের চোখ ধাক্কা খেয়েছে গাছটির ডালপালাবিহীন অবস্থা দেখে। দুঃখভরা মন নিয়ে তাঁদের পার হতে হয়েছে মোড়টি। অনেকের ফেসবুক পাতায় দেখা গেছে, গাছটির জন্য আহাজারি ও গভীর মমতা।
গাবতলা মোড়সংলগ্ন কাঁঠালবাগিচার কয়েকজন বাসিন্দা জানান, গাছটির ডালপালা শুকিয়ে যেতে শুরু করে কয়েক বছর আগেই। এ ছাড়া একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গাছটির গোড়ায় মানুষের বসার জন্য ইট, সিমেন্ট ও টাইলস দিয়ে বাঁধিয়ে দেয়। এতে গাছের গোড়ায় বৃষ্টির পানিপড়া বন্ধ হয়ে যায়। এর পর থেকে গাছটির শীর্ণ দশা। গোড়ায় পচন ধরে। কিছুদিনের মধ্যেই দুটি মোটা ডাল ভেঙে পড়ে। পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে গাছটি। এ কারণে এলাকার লোকজন গাছটি সরিয়ে সেখানে একটি গাবগাছ লাগানোর চিন্তা করে। গঠন করা হয় গাবতলা ঐতিহ্য রক্ষা কমিটি।
কমিটির আহ্বায়ক জাফরুল আলম প্রথম আলোকে বলেন, ‘গাছটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় মাস খানেক আগে আমরা পৌর কর্তৃপক্ষের কাছে গাছটি কেটে ফেলার আবেদন জানাই। পাশাপাশি এলাকাবাসীর উদ্যোগে সেখানে একটি গাবগাছ লাগানোর প্রস্তাব দিই।’
হরিমোহন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসারপ্রাপ্ত শিক্ষক মোহিত কুমার বলেন, ‘১১৯ বছর আগে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সে সময় বা তারও আগে গাছটি লাগানো হয় বলে জেনেছি। সেই হিসেবে শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল গাছটি। গাছটি ঘিরে অনেক স্মৃতি রয়েছে। গাছটি হারিয়ে যাওয়ায় মর্মাহত আমি। আপনজনের বিয়োগব্যথায় যেমন কাতর হয় মানুষ, আমার অবস্থাও তেমন। আমার বিশ্বাস, এ শহরের অনেক মানুষই গাবতলা মোড়ের গাবগাছটির বিয়োগব্যথায় কাতর হয়েছেন।’ একই মত প্রকাশ করেন সমাজসেবী শফিকুল আলমসহ অনেকে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মতিন জানান, গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এ কারণে ওই মোড় এলাকার বাসিন্দাদের আবেদনের পরিপেক্ষিতে এটি কেটে ফেলা হচ্ছে।