একটি গাড়ি তুলতে না তুলতেই গর্তে পড়ে বিকল হচ্ছে আরেকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ও খানাখন্দে পড়ে প্রতিদিন যানবাহন বিকল হয়ে পড়ার ঘটনা ঘটছে। সৃষ্টি হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা যানজট। গর্তে পড়া গাড়িগুলোকে রেকার দিয়ে টেনে তুলে পুনরায় যান চলাচল শুরু করতে হচ্ছে। তাই সড়কে সার্বক্ষণিকভাবে একটি রেকার রাখা হয়েছে।তবে বিকল হয়ে পড়া একটি গাড়ি টেনে তুলতে না তুলতেই আরেকটি গাড়ি গর্তে আটকা পড়ার খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে তা সামাল দিতে পুুলিশকে হিমশিম খেতে হচ্ছে।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, দফায় দফায় এ রকম ঘটনা ঘটছে। পরিস্থিতি সামাল দেওয়া তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এভাবে সড়ক চালু রাখা তাঁদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে।সড়কের মোক্তারপুর থেকে পঞ্চবটী পর্যন্ত বেহাল অবস্থা। পঞ্চবটী থেকে শাসনগাঁও মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার এবং চর সৈয়দপুর থেকে ফকিরবাড়ি পর্যন্ত অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের লাগাতার বর্ষণে বড় বড় গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় ভারী যানবাহনের চাকা গর্তে আটকে যাচ্ছে। গতকাল রোববার ভোর থেকে বিকেল পর্যন্ত সড়কের ফতুল্লার শাসনগাঁওয়ে সৃষ্ট হওয়া গর্তে পড়ে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে। ফলে কমপক্ষে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের মোক্তারপুর থেকে ফতুল্লা পর্যন্ত নয় কিলোমিটার এলাকা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কয়েক হাজার মানুষ চলাচল করে এ সড়ক দিয়ে। সড়কের পাশে পঞ্চবটী বিসিক শিল্পনগরসহ পাঁচ শতাধিক রপ্তানিমুখী পোশাকশিল্প কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন লক্ষাধিক শ্রমিক। সড়কের বেহাল দশার কারণে তাঁদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।গত বুধবার বিসিক শিল্পনগরের ফকির অ্যাপারেলস লিমিটেডে বিদেশি ক্রেতারা আসেন সড়কপথে। ওই কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, সড়কের যানজট দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। ফেরার পথে তাঁরা হেলিকপ্টার এনে ঢাকায় ফেরেন। মুন্সিগঞ্জ দিগিরপাড় পরিবহনের মালিক টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার বলেন, সড়কের এ পরিস্থিতির কারণে এর আগে কয়েকবার তাঁর পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করে দেন তিনি। নারায়ণগঞ্জের এসপি শেখ নাজমুল আলম বলেন, ‘আমরা বারবার সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করেছি। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, ‘সড়কটির বিষয়ে বারবার কর্তৃপক্ষকে বলা হয়েছে। আমরাও বিষয়টি নিয়ে খুব চিন্তিত।’এ প্রসঙ্গে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল অদুদ বলেন, সড়কটি চার লেনে করার জন্য একটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এই প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত সড়ক নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।