একটি গুলিই কেড়ে নিল সব স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার স্বপ্ন ছিল ছেলে পবিত্র কোরআনে হাফেজ হবে। কিন্তু মা-বাবার সপ্ন সত্যি হলো না। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের একটি গুলিই কেড়ে নিল তাঁদের সব স্বপ্ন।ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ক্যাম্পাসের পাশের বয়ড়া গ্রামের ১০ বছরের শিশু রাব্বি। সে বয়ড়া বেপারীপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ত।গতকাল রোববার বয়ড়া গ্রামে গিয়ে দেখা যায়, রাব্বির বাড়িতে প্রতিবেশী ও স্বজনদের উপচে পড়া ভিড়। ভিড়ের মধ্যে অনেক কষ্টে প্রথমে খুঁজে পাওয়া যায় রাব্বির বাবা দুলাল মিয়াকে। বাড়ির আঙিনায় একটি গাছে হেলান দিয়ে বসে ছিলেন তিনি। মুখে কোনো কথা নেই। পাশে বসে গায়ে হাত রাখলে অস্ফুটস্বরে শুধু একবার বলেন ‘আমার পুত’। মা মিনারা বেগমকে ঘিরে রয়েছেন প্রতিবেশী নারীরা। তিনি বলেন, ‘আমার পুতেরে মাদ্রাসায় দিছিলাম। আর কয়েক দিন পরই কোরআন শরিফ নিত।’রাব্বির এক সহপাঠী অশ্রুভেজা চোখে বলে, ‘মাদ্রাসা বন্ধ ছিল, তা না-হলে শনিবার ওই সময় হয়তো রাব্বি মাদ্রাসায়ই থাকত।’ এ সময় পাশে থাকা রাব্বির দাদি মানিকজান বেগম বুক চাপড়ে বিলাপ করে বলছিলেন, ‘আমারে ডাকতে গিয়া আমার বাই (ভাই) মরছে। আমার বাইরে যারা মারছে তুমরা হেরার (তাদের) বিচার করো।’ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গরু চরাতে গিয়েছিলেন মানিকজান।