একটি জাতির পরিচয়ের প্রধান মাধ্যম সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি জাতির পরিচয়ের প্রধান মাধ্যম হলো তার সংস্কৃতি। সংস্কৃতিবান্ধব বর্তমান সরকার বাঙালি সংস্কৃতি শুদ্ধভাবে চর্চা ও বিকাশে নাট্য-সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।
গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। এর আগে বিকেলে তিনি দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির ছয় মাসব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।
সংস্কৃতিমন্ত্রী এর আগে সকালে নীলফামারী জেলা সদরের পলাশবাড়ীতে ডায়াবেটিক হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন।
আসাদুজ্জামান নূর বলেন, দেশে নাট্য ও সংস্কৃতিচর্চায় বন্ধ্যাত্ব বিরাজ করছে। নাট্য ও সংস্কৃতিচর্চার সংগঠনগুলোর মধ্যে হতাশা বিরাজ করছে। সন্তানদের অভিনয়, সংগীতচর্চা ও বাদ্যযন্ত্রে পারদর্শিতাকে অভিভাবকেরা আমলে নেন না। কারণ, তাঁরা এর কোনো ভবিষ্যৎ দেখতে পান না। অথচ মেধাবী বলতে কেবল পড়ালেখায় ভালো করাকেই বোঝায় না। ভালো ফল মানেই চিকিৎসক, প্রকৌশলী বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাওয়াকে বোঝায় না। ক্রীড়া বা সংস্কৃতিমান না হলে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না, দেশপ্রেমিক হওয়া যায় না। দেশের মানুষ এবং সরকারের এ বিষয়ে ভাবার সময় এসেছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, দিনাজপুর নাট্য সমিতির সদস্যরা কেবল নাট্যচর্চার মাঝেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি। তারা ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা রেখেছেন, যা প্রকৃত অর্থে একজন সাংস্কৃতিক কর্মীর দায়িত্ব।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউর রহমান স্বাগত ও শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক চিত্ত ঘোষ ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।
ডায়াবেটিক হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে দেন। এ সময় তিনি বলেন, এখানে হাসপাতালের পাশাপাশি উন্নত মানের নার্সিং ইনস্টিটিউট করা হবে। কুষ্ঠ হাসপাতালের পেছনে স্বাস্থ্য বিভাগের জায়গায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি) খোলা হবে। যেখানে রোগনির্ণয়ের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি হবে। পাশাপাশি পলাশবাড়ীতে বিসিক শিল্পনগর করা হবে বলেও মন্ত্রী জানান।
নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুর রশিদ, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল ইসলাম প্রমুখ।
এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান জানান, প্রায় ১৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৭৫ শয্যার এ হাসপাতাল ভবন নির্মাণ করা হচ্ছে। কাজটি ২০১৫ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে।
এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় যুব দিবস ও সমবায় দিবসের শোভাযাত্রার উদ্বোধন করেন। স্থানীয় শিল্পকলা মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।