হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি জেনারেটরের একটি দীর্ঘদিন ধরে বিকল, অপরটির জন্য নেই জ্বালানি বরাদ্দ। তাই বিদ্যুতের লোডশেডিংয়ের সময় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে মোমবাতির আলোয়। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার জন্য ৫০ অশ্বশক্তির জেনারেটরটি ২০০৮ সাল থেকে নষ্ট। এর আগে কয়েকবার জেনারেটরটি মেরামত করে চালু করা হলেও তা অকেজো হয়ে যায়। এদিকে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয় ২০০৬ সালে। ২০০৯ সালে নতুন একটি ভবনও নির্মাণ করা হয়। একই বছরের ২৯ ডিসেম্বর সরবরাহ করা হয় ৫০ অশ্ব ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর। তবে ৫০ শয্যার কার্যক্রম চালু না হওয়ায় ওই জেনারেটরের জন্য জ্বালানি তেলের বরাদ্দ দেওয়া হচ্ছে না। জ্বালানির অভাবে তিন বছর ধরে পড়ে আছে এ জেনারেটর।বর্তমানে জেনারেটরের সুবিধা না পাওয়ায় লোডশেডিংয়ে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডের রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার লোডশেডিংয়ের সময় ওয়ার্ডে প্রতিনিয়তই ঘটছে চুরির ঘটনা।স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বিকল হয়ে পড়ে আছে ৫০ অশ্ব ক্ষমতাসম্পন্ন জেনারেটরটি। নতুন ভবনে সিঁড়ির নিচে তিন বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ অবস্থায় আছে ৫০ অশ্বশক্তির আরেকটি জেনারেটর।লুৎফুন নাহার নামের একজন সেবিকা প্রথম আলোকে বলেন, জেনারেটর না থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর পর সেলাই দিতে হচ্ছে মোমবাতির আলোয়। বিদ্যুৎ চলে গেলেই ওয়ার্ডে চুরির ঘটনা ঘটে বলে জানান মহিলা ওয়ার্ডে রোগীর সঙ্গে আসা এক নারী।জরুরি বিভাগের চিকিৎসক শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ চলে গেলে এখানে মোমবাতিই ভরসা। জরুরি বিভাগ ও অস্ত্রোপচার কক্ষে মোমবাতি জ্বালিয়ে কাটাছেঁড়া ও সেলাইয়ের কাজ করতে হচ্ছে।যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দেবনাথ বলেন, বিকল হওয়া জেনারেটরটি চালুর জন্য প্রতি মাসে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হচ্ছে। এ ছাড়া ৫০ শয্যার আর্থিক অনুমোদন না থাকায় নতুন জেনারেটরের জন্য জ্বালানি তেলের বরাদ্দ পাওয়া যাচ্ছে না।