একটি টর্চলাইটের জন্য...
একটি টর্চলাইটের জন্য ঘটে গেল দুর্ঘটনা। প্রাণ গেল দুজনের। আশঙ্কাজনক অবস্থা আরেকজনের। যশোরের অভয়নগর উপজেলার বারান্দী গ্রামে আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
শৌচাগারের ট্যাংকে পড়ে যাওয়া টর্চলাইট খুঁজতে গিয়ে মারা গেছেন রমজান আলী মোল্যা (৪২) ও হাসান আলী মোল্যা (৪০)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
রমজান আলীর বড় ভাই মোহাম্মাদ আলী মোল্যা বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রমজান আলীর শৌচাগারের ট্যাংকের মধ্যে টর্চলাইট পড়ে যায়। রমজান আলী ট্যাংকের ঢাকনা খুলে মই নামিয়ে দিয়ে লাঠি দিয়ে টর্চলাইটটি খুঁজছিলেন। একপর্যায়ে তিনি ট্যাংকের মধ্যে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে স্ত্রী রোজিনা বেগম (৩৫) ট্যাংকে নেমে আর উঠতে পারেননি। তাঁদের উদ্ধার করতে রমজানের চাচাতো ভাই হাসান আলী মোল্যা ও জহুরুল ইসলাম মোল্যা (২৫) ট্যাংকে নেমে উঠতে পারেননি। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করেন। কিন্তু রমজান আলী মারা যান। গুরুতর আহত হাসান আলী মোল্যা ও রোজিনা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই সন্ধ্যা সাতটার দিকে হাসান আলী মোল্যা মারা যান। রোজিনা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আহত জহুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পায়রা ইউনিয়নের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত বলেন, ট্যাংকে পড়ে রমজান আলী ও হাসান আলী মারা গেছেন। রমজানের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। পরস্পরকে উদ্ধার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।