একটি ট্রাইব্যুনাল নিষ্ক্রিয় করার সিদ্ধান্তে নির্মূল কমিটির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মধ্যে একটিকে নিষ্ক্রিয় করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। গতকাল শুক্রবার কমিটির নেতারা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে শেষ যুদ্ধাপরাধী জীবিত থাকা পর্যন্ত বিচার অব্যাহত থাকবে। অথচ আইনমন্ত্রী বারবার বলছেন, দুটি ট্রাইব্যুনালের দরকার নেই। মামলার সংখ্যা নাকি কমে গেছে।
বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত দল হিসেবে জামায়াতে ইসলামী, অন্যান্য দল ও ঘাতক বাহিনীর বিচারও শুরু হয়নি। তারপরও তদন্ত সংস্থার কাছে প্রায় ৭০০ অভিযোগ তদন্তের অপেক্ষায় রয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে তদন্ত করলে আরও অনেক যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সন্ধান পাওয়া যাবে। এই পর্যায়ে ট্রাইব্যুনালের সংখ্যা না কমিয়ে বিচার-প্রক্রিয়া অক্ষুণ্ন রেখে দল হিসেবে জামায়াত ও সহযোগীদের বিচার এবং শীর্ষস্থানীয় পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করার জন্য নির্মূল কমিটির নেতারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার যে সাফল্য সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে, তা হলো একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার।
বিবৃতিতে সই করেছেন সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।