একটি ট্রাক নিয়ে রাতভর পুলিশের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সন্ত্রাসী বা ছিনতাইকারীকে ধরপাকড় নয়, স্রেফ একটি ট্রাকের জন্য গত রোববার রাতভর দুর্ভোগে পড়তে হয়েছে পুলিশকে। রাত তখন সাড়ে ১০টা থেকে ১১টা। ভিআইপি সড়কে দ্রুতগতিতে চলছিল একটি ট্রাক। বিশাল চাকাসদৃশ তারের রোল ছিল ট্রাকটির ওপর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ফুটওভারব্রিজে তারের রোল লেগে গেলে আটকে যায় দ্রুতগামী যন্ত্রদানবটি। প্রচণ্ড শব্দে প্রকম্পিত হলো ভিআইপি অঞ্চল, পলেস্তারা খসে পড়ল ওভারব্রিজের আর উঁকি দিল এর ভেতরে থাকা কিছু লোহার রড। অন্যদিকে যথারীতি ভোঁ দৌড়ে চালক পলাতক। এমনিতেই সমস্যাটা নতুন বলে সমাধানের উপায় জানা নেই। তার ওপর সরকারি তার। মড়ার উপর খাঁড়ার ঘা। উপায়ান্তর না দেখে রাতভর ট্রাকটি পাহারা দিল পুলিশ। শেষমেশ বুদ্ধি করে চাকার হাওয়া ছেড়ে উচ্চতা কমিয়ে ট্রাকটি উদ্ধার করা হলো। তিনটি রেকার আনলেও পরে চালিয়ে ট্রাকটি নেওয়া হলো থানায়। হাঁফ ছেড়ে বাঁচার আগেই ঘড়ির কাঁটা তখন সকাল আটটার ঘরে।