একটি ট্রান্সফরমারের অভাবে দুই হাজার মানুষের ভোগান্তি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কলুমগাড়ি এলাকায় একটি ট্রান্সফরমার ১৭ দিন ধরে বিকল থাকায় ওই এলাকার প্রায় দুই হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। প্রতিদিন তারা বিদ্যুৎ কার্যালয়ে ধরনা দিচ্ছে, প্রতিদিনই আশ্বাস পাচ্ছে, কিন্তু ট্রান্সফরমার মেরামত হচ্ছে না। এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যুৎ দ্রুত পাওয়ার আশায় তাঁরা এলাকার গ্রাহকদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা তুলে প্রায় ১৫ হাজার টাকা বিদ্যুৎ বিভাগের লোকজনকে দিয়েছেন। তার পরও বিদ্যুতের সংযোগ পাচ্ছেন না। গ্রামের একাধিক বাসিন্দা জানান, গত ১০ জুন কলুমগাড়ি গ্রামের পূর্বপাশে স্থাপিত ট্রান্সফরমারটি পুড়ে যায়। এতে কলুমগাড়ি মহল্লা, শব্দলদীঘি মহল্লার আংশিক, বড়চাপড় ও রায়নগর গ্রামের আংশিক এলাকায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। কলুমগাড়ি মহল্লার সাজাহান আলী জানান, বিদ্যুৎ না থাকায় সেচযন্ত্রগুলো পড়ে আছে। সেচের অভাবে বীজতলা তৈরি করা যাচ্ছে না। কলুমগাড়ি মহল্লার কলেজছাত্র আনোয়ারুল ইসলাম বলেন, ‘পৌরসভার ভেতর বিদ্যুৎহীন ১৭ দিন কাটাতে হয়েছে, এটা ভাবাই যায় না! কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের এখানে প্রচণ্ড গরমের মধ্যে কুপিবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে।’ এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শিবগঞ্জের আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, ট্রান্সফরমারটি জরুরিভাবে মেরামতের কাজ চলছে। ভালো হওয়ার পর ওই এলাকায় বিদ্যুতের সরবরাহ চালু করা হবে। তিনি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, এমন কথা তাঁর সামনে এসে কেউ বলতে পারবেন না।