একটি ট্রান্সফরমারের কারণে...
জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক থাকলেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত হন নোয়াখালী শহর এবং এর তিন উপজেলার প্রায় এক লাখ ৩১ হাজার গ্রাহক। বিতরণ সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানির চৌমুহনীর গ্রিড সাবস্টেশনের একটি ট্রান্সফরমারের ধারণক্ষমতা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। প্রতিনিয়ত লোডশেডিংয়ে এলাকাগুলোর বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে। ভাপসা গরম দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে।চৌমুহনী পাওয়ার গ্রিড সাবস্টেশন সূত্রে জানা গেছে, নোয়াখালী ও লক্ষ্মীপুর পিডিবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের চাহিদা বর্তমানে পিক আওয়ারে ১৩০ মেগাওয়াট, আর অফ পিক আওয়ারে ৯০ মেগাওয়াট। গরম বাড়া-কমার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ে-কমে।সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে এমনিতেই নোয়াখালী অঞ্চলের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না। তার ওপর চৌমুহনী গ্রিড সাবস্টেশনের টি-৩ পাওয়ার ট্রান্সফরমারের ধারণক্ষমতার চেয়ে বিতরণ লাইনের চাহিদা বেশি। এতে জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ পাওয়া গেলেও তা বিতরণ লাইনে সরবরাহ করা যায় না। ফলে ওই ট্রান্সফরমারটির আওতাধীন নোয়াখালী জেলা শহর, সদর, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় সব সময়ই লোডশেডিং লেগে থাকে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত প্রথম আলোকে বলেন, এমনিতে গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় না। তার ওপর ট্রান্সফরমারের সমস্যার কারণে চাহিদার অর্ধেক পরিমাণ বিদ্যুৎও পাওয়া যায় না। এতে প্রতিনিয়ত গ্রাহকদের নানা কথা শুনতে হয়।জানতে চাইলে ট্রান্সফরমারের সমস্যার কথা নিশ্চিত করেন চৌমুহনী গ্রিড সাবস্টেশনের জুনিয়র স্টেশন ম্যানেজার কুন্তল সাহা। গতকাল আলাপকালে তিনি প্রথম আলোকে বলেন, ট্রান্সফরমারের সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক আগেই জানানো হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে।