একটি দিনের জন্য তরুণ হয়ে গেলেন সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বটতলা আর টিএসসিতে যাইলে মনে...একদিন ক্যাম্পাসে ছিলাম রে। মধুদার ক্যান্টিনের আড্ডাটা...কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো আজ আর নেই।’প্যারোডিগুলোর গায়ক-গায়িকারা অনেকেরই চেনা, ক্যাম্পাসেরই পরিচিত মুখ। তবে এর সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে যাঁরা মাতিয়ে রাখলেন, তাঁদের অনেকেই এই প্রজন্মের নন। ষাট কিংবা সত্তরের দশকে শিক্ষাজীবন শেষ করেছেন। কেউবা তারও আগে। বয়সের বিচারে যারা ‘বুড়ো-বুড়ি’।কিন্তু একটি দিনের জন্য তাঁরা সবাই হয়ে গেলেন ‘তরুণ’। ফিরে গেলেন অতীতে। গাইলেন মনের সুখে, চিরচেনা ক্যাম্পাসে। তাঁদের পরিচয়—তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের শিক্ষার্থী। দীর্ঘদিন পর অতিপ্রবীণ, প্রবীণ ও নিকট অতীতে পাস করা শিক্ষার্থীদের গতকাল শনিবার মহামিলনের সুযোগ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনভর চলে তাঁদের মিলনমেলা।অনুষ্ঠানে আসা ব্যক্তিদের মধ্যে কারও শিক্ষাজীবনের পর কর্মজীবনও শেষ, কারও কর্মজীবন শেষ পর্যায়ে, আবার কেউবা কর্মজীবন শুরু করেছেন সবে।উদ্বোধনী পর্বে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সবচেয়ে পুরোনো সদস্য মেজবাউল বারী চৌধুরী। বয়স ৯১ বছর, বিশ্ববিদ্যালয় ছেড়েছেন ১৯৪০ সালে। এর পরও মনে বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি অমলিন। হলের ডাইনিংয়ের খাবার, হানাহানিমুক্ত কিন্তু প্রাণচঞ্চল ক্যাম্পাসের রাজনীতি, ছাত্র-শিক্ষকের মিলিত প্রচেষ্টা—সবই বলে গেলেন সহজভাবে।অনুষ্ঠানে শোভাবর্ধন করে একই টেবিলে বসে আনন্দ ভাগাভাগি করে নেন চার সাবেক উপাচার্য—মনিরুজ্জামান মিঞা, এমাজউদ্দীন আহমদ, এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ। বিরল দৃশ্য মনে করে সেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করেছেন অনেকেই।প্রতিক্রিয়া জানাতে গিয়ে মনিরুজ্জামান মিঞা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করার অনুসঙ্গের অভাব নেই। তবে এক ধরনের অপরাজনীতির কারণে বর্তমানে এর ঐতিহ্য কিছুটা ম্লান হয়েছে।’এমাজউদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অসুস্থ হয়ে পড়লে পুরো জাতিই অসুস্থ হয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়ে বিচ্যুতি আছে। তার পরও এ বিশ্ববিদ্যালয় দেশের অগ্রগতির স্মারক।’এ কে আজাদ চৌধুরী বলেন, ‘এখানে মতামতের ভিন্নতা আছে, হতাশাও কিছুটা আছে। তার পরও বিশ্ববিদ্যালয় এগোচ্ছে।’এস এম এ ফায়েজ বলেন, ‘গবেষণায় বিশ্ববিদ্যালয়টি পিছিয়ে পড়ছে।’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে গবেষণা বাড়ানোর কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এত আনন্দ, এমন মিলনমেলার মধ্যেও কিছুটা মলিনতার ছাপ এঁকে দিয়েছে ‘রাজনীতি’। অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে অবস্থান নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন কয়েকজন। অন্যপক্ষ এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু এমন শুভ দিনে কোনো অশুভ শক্তি আধিপত্য বিস্তার করতে পারবে না—এমন চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবারও উপস্থিত সবাই মেতে ওঠেন আনন্দমেলায়।সকালের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সমাজের সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো স্নাতক তৈরি করা। ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে এই কাজে সফল হয়েছে, ভবিষ্যতেও হবে।’অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যাসোসিয়েশনের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি টিএসসি ও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির উন্নয়ন এবং গবেষণাকাজে অর্থায়নে করপোরেট বিশ্বকে যুক্ত করার কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রাকীবউদ্দীন আহমেদ।দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণা, বিশেষভাবে রচিত সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর ফাঁকে ফাঁকে আড্ডা। অধিকাংশ সদস্যই সপরিবারে আসেন অনুষ্ঠানে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্ম আজ থেকে ৬০ বছর আগে। প্রতিষ্ঠার সাল থেকে প্রতিটি দশকের অ্যালামনাইদের জন্য আলাদা আলাদা টেবিল বরাদ্দ করা হয়। ১৯৬৬ সালে বাংলা বিভাগ থেকে পাস করা জোবাইদা ফেরদৌস আনাম ক্যাম্পাস-জীবনের বর্ণনা করলেন এভাবে—‘সব ছাত্র সংগঠনের সভা হতো। কেউ কারও প্রতি হিংস্রতা দেখাত না। এখন সেটা নেই।’ইনাম আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করেন ১৯৫৭ সালে। তিনি বলেন, ‘পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করত কে বেশি শ্রদ্ধা পাবেন এবং নেতা হবেন। সংস্কৃতির চর্চাটাও তখন বেশি ছিল।’