একটি দুর্ঘটনা ও আকুতি
‘আমারে বাঁচান না ভাই, আমি তো মইরা গেলাম। হায় রে কত পুলিশ, কত মানুষ, কেউ আমারে বাঁচাইল না রে!’ এই আর্তনাদ দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতর আটকে থাকা চালকের সহকারীর।তাঁর পাশেই আটকে থাকা চালক আর লাইনম্যানও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন এবং বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন। তাঁদের আকুতি আর আর্তনাদে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার ধামরাই উপজেলার বাথুলী এলাকায় হূদয়বিদারক দৃশ্য তৈরি হয়। কিন্তু উন্নত প্রযুক্তির অভাবে কিছুই করতে পারছিলেন না তাঁদের উদ্ধারে ছুটে আসা ফায়ার সার্ভিস, পুলিশ সদস্য ও এলাকাবাসী।দুর্ঘটনা যেভাবে ঘটে: ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুনীল কুমার ঘোষ জানান, ট্রাকটি বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে মাছ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছিল। রাত একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী নামের স্থানে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকটি অনেকটা অক্ষত অবস্থায় পালিয়ে গেলেও গোপালগঞ্জগামী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ট্রাকের সামনের আসনে বসে থাকা চালক আবদুল আউয়াল (২৮), সহকারী আবদুল লতিফ (২৫) ও লাইনম্যান আজিজুর রহমান (৩০) ভেতরে আটকা পড়েন।শ্বাসরুদ্ধকর তিন ঘণ্টা: দুর্ঘটনার পরপরই চালক, সহকারী ও লাইনম্যানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজনসহ ইটভাটার শ্রমিকেরা দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা প্রথমে টেনেহিঁচড়ে আটকে পড়া মানুষগুলো বের করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তাঁরা শাবল আর দা দিয়ে কুপিয়ে ট্রাকের দুমড়েমুচড়ে যাওয়া অংশ ভাঙার চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়।রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন প্রথম আলোর এই প্রতিবেদক। সংবাদ জানানো হয় ধামরাই, গোলরা হাইওয়ে থানাসহ ধামরাই ও মানিকগঞ্জের ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় রাত পৌনে দুইটায়। রাত দুইটায় ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ। তখনো অনেকটা নিথর দেহে লতিফ আর আজিজুর বাঁচার জন্য বারবার আকুতি জানাচ্ছিলেন।এ সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান প্রথম আলোকে জানান, এ ধরনের উদ্ধার তৎপরতায় যে ধরনের সরঞ্জাম দরকার, তা পুলিশের কাছে নেই।রাত আড়াইটায় ঘটনাস্থলে উপস্থিত হয় মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছের স্টেশন ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে রাত পৌনে তিনটায়। কিন্তু উন্নত প্রযুক্তির অভাবে তাঁরাও আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি।এত সব আয়োজনের পরও উদ্ধার হতে না পেরে আবদুল লতিফ ক্ষোভের সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘এত পুলিশ, এত মানুষ, তাঁর পরও আমাগো বাইর করবার পারে না রে। আমি তো শেষ অইয়া গেলাম, আর বাঁচলাম না রে ভাই। তুমরা আমারে বাঁচাও।’আটকে পড়া মানুষদের উদ্ধারে ব্যর্থ হয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ খবর দেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসকে। রাত সোয়া তিনটায় ঘটনাস্থলে আসে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তাঁরা আধা ঘণ্টা চেষ্টা করে উন্নত প্রযুক্তির হাইড্রোলিক স্প্যাডারের (ক্ষমতাসম্পন্ন প্রশস্তকরণযন্ত্র) সাহায্যে চাপ দিয়ে ট্রাকের দুমড়েমুচড়ে যাওয়া অংশ প্রশস্ত করে একে একে বের করে আনেন আউয়াল, আজিজ আর লতিফকে। ততক্ষণে আজিজ আর লতিফ প্রায় চেতনা হারিয়ে ফেলেন। উদ্ধারের পরপরই রাত চারটার দিকে তাঁদের নেওয়া হয় মানিকগঞ্জ সদর হাসপাতালে।এ প্রসঙ্গে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ জানান, ‘আগুন নেভানোর স্বাভাবিক সরঞ্জাম ছাড়া বিধ্বস্ত ভবন ও দুর্ঘটনাকবলিত যানবাহনে আটকে পড়াদের উদ্ধারে উন্নত কোনো সরঞ্জাম আমাদের কাছে নেই।’ তিনি আরও বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। মাঝেমধ্যেই দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের কারণে চালক ও যাত্রীদের আটকে থাকার ঘটনা ঘটছে, কিন্তু উন্নত সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয় না। তাই অনেক সময় চোখের সামনেই জীবিত মানুষকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখি। ইচ্ছা ও আন্তরিকতা থাকলেও নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের করার কিছুই থাকে না।’ মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ননীভূষণ তরফদার জানান, আহত ট্রাকচালক, সহকারী ও লাইনম্যানের অবস্থা সংকটাপন্ন ছিল। এ রকম রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা এই হাসপাতালে না থাকায় তাঁদের তাৎক্ষণিক ঢাকার পঙ্গু বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।