একটি দেশ তার নাগরিকদের বের করে দিতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলা করছে। লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশ এত মানুষের ভার নিতে পারবে না। এটা আন্তর্জাতিক নিয়মনীতিও নয়। একটি দেশ তার নাগরিককে বের করে দিতে পারে না।

সিপিবির সিলেট অঞ্চলের যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব কমিউনিস্ট ক্যাম্পে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবনেতা ও কর্মীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনের আগে জাতীয় সংগীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে দুদিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন সুমন। সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহসম্পাদক মো. মাসুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, জলি তালুকদার, মো. কিবরিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। হাওরে মানুষ পানিতে ভাসছে। আজকে নৃশংসভাবে খুন, ধর্ষণের ঘটনা ঘটছে। সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ-বিএনপি ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাজনৈতিক বিকল্প শক্তি গড়ার চেষ্টা করতে হবে। সমাজতন্ত্র শেষ হয়ে যায়নি। মানুষ যে পৃথিবীতে আছে, আজ না হোক কাল সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে।