একটি দেশকেও এমডিজি অর্জনে ব্যর্থ হতে দেওয়া যাবে না: ইউনূস
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস দারিদ্র্য দূরীকরণে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, কোনো একটি দেশকেও আমরা এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে দিতে পারি না। তিনি এমডিজিকে সর্বাধিক অগ্রাধিকার পর্যায়ে রাখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।এমডিজি অ্যাডভোকেসি গ্রুপের দ্বিতীয় সভায় গত বুধবার মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ইসিওএসওসি সম্মেলনকেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি জোসেফ ডেইস। মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন দেশ থেকে এমডিজি অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা এতে যোগ দেন। মুহাম্মদ ইউনূসও এ গ্রুপের সদস্য।সব দেশে এমডিজি অর্জনের বিষয়টি নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির শক্তিকে কাজে লাগাতে যুবসমাজকে একত্র করে এবং সামাজিক ব্যবসার সাহায্য নেওয়ার পরামর্শ দেন মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এমডিজির পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। এমডিজির পরবর্তী ধাপে বিশ্ব থেকে দারিদ্র্য নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হবে। এমডিজি অর্জনের লক্ষ্যে এমডিজি অ্যাডভোকেসি গ্রুপের ভূমিকার রূপরেখা নিয়ে বক্তব্য দেন মুহাম্মদ ইউনূস ও কাতারের ফার্স্ট লেডি মোজাহ বিনতে নাসের। বিজ্ঞপ্তি।