একটি নালার জন্য শেরপুর পৌরবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর শহরে একটি গভীর নালার নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন না করায় পৌরবাসীর ভোগান্তি বেড়েছে। নালাটির দুটি স্থানে ১৫০ ফুট করে রেখে দেওয়ায় বাসাবাড়ির বর্জ্য-পানি করতোয়া নদীতে গিয়ে পড়তে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এতে নালায় জমা বাসাবাড়ির নোংরা পানি উপচে বাড়িঘর ক্ষতিগ্রস্ত করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের পূর্ব ঘোষপাড়া ও উত্তর সাহাপাড়ার বাসিন্দারা। চার বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মেয়রকে এ বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ঢালাই করা গভীর নালাটি সরদারপাড়া থেকে পুরোনো পোস্ট অফিস মোড় এবং উত্তর সাহাপাড়ার হাসি রানীর বাড়ি থেকে জোছনা রানী শীলের বাড়ি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। মাঝখানে পুরোনো পোস্ট অফিসের মোড় থেকে পূর্ব ঘোষপাড়ার হাসি রানীর বাড়ির পশ্চিম পাশ পর্যন্ত প্রায় দেড় শ ফুট জায়গায় কোনো নালা নেই। আবার জোছনা রানীর বাড়ির পর থেকেও আর নালা নেই।
নালার প্রথম অংশে শহরের কলেজ রোড, সরদারপাড়া, মুন্সিপাড়া, বসাকপাড়া, সকাল বাজার, জগন্নাথপাড়া, উত্তর সাহাপাড়া, রামচন্দ্রপুর পাড়ার পশ্চিম এলাকার বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার নোংরা পানি এসে পড়ে। কিন্তু নালাটি সরাসরি নদীতে না যাওয়ায় নালার নোংরা পানি উপচে জলাবদ্ধ হয়ে পড়ছেন পূর্ব ঘোষপাড়ার বাসিন্দারা।
উত্তর সাহাপাড়ায় নালার পূর্ব পাশের মুখে জোছনা রানীর বাড়ি। তিনি বলেন, খুব কষ্ট করে বাড়িটি বানিয়েছিলেন। কিন্তু পৌরসভা অপরিকল্পিতভাবে নালা নির্মাণ করায় দুর্ভোগ আরও বেড়েছে। গত ১৫ দিনের বৃষ্টিতে নালার মুখে বাড়তি পানির চাপে তাঁর বাড়ির প্রায় এক শতাংশ জায়গা ভেঙে গেছে।
একই পাড়ার বিপ্লব সরকার বলেন, বাড়ির সামনের জমি নালার পানির চাপে ধসে গেছে। পূর্ব ঘোষপাড়ার রেজোয়ান হোসেন বলেন, জলাবদ্ধতা তৈরি হয়ে নালার নোংরা পানি তাঁর বাড়ির দেয়ালের পাশে জমে থাকে। এতে গত বছর থেকেই দেয়াল খয়ে যেতে শুরু করেছে।
পূর্ব ঘোষপাড়ার (আমবাগান) চার-পাঁচজন বাসিন্দা বলেন, নোংরা পানির গন্ধে মহল্লার বাসিন্দাদের টেকাই দায় হয়ে গেছে। চার বছর ধরে তাঁরা এ দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও মেয়রকে জানিয়েও কোনো প্রতিকার পাননি তাঁরা। তাঁরা দাবি করেন, নালাটি নির্মাণকালে এটি পাশের করতোয়া নদী পর্যন্ত নেওয়া হবে বলে স্থানীয় কাউন্সিলর তাঁদের জানিয়েছিলেন।
কিন্তু সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর (৪ নম্বর) গোবিন্দ বাগচি বলেন, আমবাগান এলাকায় নালাটি নির্মাণের সময় স্থানীয় লোকজন জায়গা না দেওয়ায় সেখানে নালা করা যায়নি। তবে দুর্ভোগ কমাতে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পৌর পরিষদকে জানিয়েছেন।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহম্মেদ বলেন, ওই দুই মহল্লাবাসীর সমস্যা সমাধানে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।
পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, তিনি এখানে যোগদানের আগেই ওই নালার নকশা তৈরি হয়। সেই নকশা না দেখায় এ রকম ত্রুটিপূর্ণ নালা নির্মাণ হয়েছে কি না, তা তিনি জানেন না।
তবে উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, নিয়মতান্ত্রিকভাবেই স্থানীয় ঠিকাদার জহুরুল ইসলামকে দিয়ে ২০১০-১১ অর্থবছরে শহরের সরদারপাড়া থেকে পূর্ব পাশে করতোয়া নদীর দিকে পানিনিষ্কাশনের এই নালা করা হয়। এটি নির্মাণে ব্যয় হয় ১৯ লাখ ১৪ হাজার ৭৩৩ টাকা।
ঠিকাদার জহুরুল দাবি করেন, পৌরসভার প্রকৌশল বিভাগের দেখানো সীমানা অনুযায়ীই তিনি নির্মাণকাজ করেছেন।