একটি নিষেধাজ্ঞা এবং একটি নতুন ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে আর্মড পুলিশের চেকপোস্ট থেকে টার্মিনাল-১ পর্যন্ত নতুন যাত্রীসেবা চালু হয়েছে! আধা কিলোমিটার দূরত্বের এই পথে সিএনজিচালিত অটোরিকশা কিংবা ট্যাক্সিক্যাবে ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ৫০ টাকা করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বর এলাকায় গত ২৪ মার্চ সন্ধ্যায় পুলিশের একটি তল্লাশিচৌকির কাছে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হওয়ার পর বিমানবন্দরের ভেতরে যাত্রীর সঙ্গে একজনের বেশি স্বজনের যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই সুযোগে বিদেশগামী স্বজনকে বিদায় জানাতে আসা পরিবারের সদস্যদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ টাকায় প্রতিজনকে নিয়ে যাচ্ছেন অটোরিকশার চালকেরা। আবার তিন-চারজন একটি গাড়ি রিজার্ভ নিলে ভাড়া কম, ১০০ টাকা।

গতকাল বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, বিমানবন্দরে ঢোকার আগে মহাসড়কের এক পাশে মানুষের জটলা। তাঁরা মূলত দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিদেশগামী যাত্রীদের স্বজন। যাত্রীর সঙ্গে টার্মিনালের ভেতরে একজনের বেশি প্রবেশ করতে না দেওয়ায় এখানেই চলে এখন অনেকের বিদায়পর্ব। জটলার পাশেরই মহাসড়কের বাম লেনে এসে থামছে অটোরিকশা, ট্যাক্সিক্যাব এবং কিছু প্রাইভেটকার। ভেতরে বসে যাত্রীর জন্য চালকের হাঁকডাক—‘ভেতরে গেলে ৫০ টাকা, ভেতরে গেলে ৫০ টাকা’। কেউ রাজি না হলে বলেন, ‘এমনিতে ভেতরে যাইতে পারবেন না। চেকপোস্টে আটকায় দিব।’

১ নম্বর টার্মিনালের ভেতরে অন্তত ১০ জন বিদেশগামী যাত্রী ও তাঁদের স্বজনদের সঙ্গে প্রতিবেদকের কথা হয়। তাঁরা চেকপোস্টের সামনে থেকে অটোরিকশায় ৫০ টাকা করে এসেছেন বলে জানান। তাঁদের অনেকেই বলেন, অটোরিকশা বা ট্যাক্সিতে করে গেলে পুলিশ বেশি চেক করে না।

নারায়ণগঞ্জের আবদুল বাতেন সৌদিতে যাবেন। পরিবারের পাঁচজন এসেছেন তাঁকে বিদায় জানাতে। তাঁরা একটি অটোরিকশা ঠিক করছিলেন ভেতরে যাওয়ার জন্য। এটুকু রাস্তা হেঁটে যাচ্ছেন না কেন, এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, হেঁটে গেলে ভেতরে যেতে পারবেন না।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি মো. আফতাব উদ্দীন বলেন, ‘ঘটনাটি সত্য। আমরা চেষ্টা করছি এটা দমন করার জন্য। ওখানে সিএনজি দাঁড়াতে দেওয়া হচ্ছে না।’

অটোরিকশা বা প্রাইভেটকারের ক্ষেত্রে ঢালাও চেক করা সম্ভব হয় না জানিয়ে তিনি বলেন, মহাসড়কে এত গাড়ির চাপ যে ট্রাফিকের সঙ্গে সমন্বয় করে চেকিংয়ের কাজ করতে হয়। তা ছাড়া অটোরিকশায় বা গাড়িতে করে গেলে কে যাত্রী আর কারা স্বজন, সেটা যাচাই করা সম্ভব হয়ে ওঠে না। যাঁরা বিদেশফেরত স্বজনকে স্বাগত জানাতে আসেন, তাঁদের মুখের কথায় বিশ্বাস করে ছেড়ে দিতে হয়।