একটি পরিপত্র ও শিক্ষকসংকট
শিক্ষকসংকটের কারণে শরীয়তপুরের ১২টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে একজন করে শিক্ষক দিয়ে। আর ২৭টি বিদ্যালয়ে কর্মরত আছেন দুজন করে। শিক্ষকসংকট থাকায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্র জারির পর গত সেপ্টেম্বরে অনেক শিক্ষককে অন্য জেলায় বদলি করতে হয়েছে। এর পর থেকে এই সংকট সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, ২৫৫ শিক্ষার্থীর ভেদরগঞ্জ উপজেলার ৬৭ নম্বর দুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক কর্মরত ছিলেন, যাঁদের বাড়ি অন্য জেলায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক বদলির পরিপত্র জারি হওয়ার পর গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তাঁদের নিজ জেলায় বদলি করা হয়। কোনো শিক্ষক না থাকায় বন্ধ হয়ে যায় পাঠদান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে চিঠি দিয়ে ৩৯ নম্বর দুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেনকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। মোয়াজ্জেম হোসেন জানান, ‘৯ অক্টোবর আমি সেখানে যোগদান করি। অনেক কষ্ট করে পাঠদান চালু রেখেছি। সামনে সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা। শিক্ষার্থী ও অভিভাবকদের চাপে আমি দিশেহারা হয়ে পড়েছি।’শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে ৩৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে এক হাজার ৯১০টি। কর্মরত আছেন এক হাজার ৬৫০ জন। এর মধ্যে একজন করে শিক্ষক আছেন ১২টি বিদ্যালয়ে। দুজন করে শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে ২৭টি বিদ্যালয়ে। ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক কর্মরত থাকার কথা থাকলেও ৩৯টি বিদ্যালয়ে ৩০০ থেকে সাড়ে ৬০০ শিক্ষার্থীকে পাঠ দিচ্ছেন এক বা দুজন শিক্ষক। উপজেলা শিক্ষা কার্যালয়ের নির্দেশে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক শিক্ষক নিয়ে কোনো কোনো বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালানোর চেষ্টা চলছে।২০০৯ সালের এপ্রিল থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত শরীয়তপুরে ২৫০ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। যাঁদের বাড়ি মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গত সেপ্টেম্বরে ওই ২৫০ জন শিক্ষককে তাঁদের নিজ জেলায় বদলি করা হয়। তখন থেকেই শিক্ষকসংকট প্রকট আকার ধারণ করেছে। সখিপুর শরীফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার জবা বলেন, ‘তিন মাস আগে আমার চাকরি হয়েছে। এ বিদ্যালয়ে যখন যোগদান করি তখন একজন শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেছেন। আমি একা ৩১০ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে পারছি না।’ভেদরগঞ্জ উপজেলার মালকান্দি গ্রামের বাসিন্দা সামছুল আলম জানান, তাঁদের গ্রামের বিদ্যালয়টি তিন মাস ধরে একজন শিক্ষকে চলছে। সামনে বাচ্চাদের সমাপনী ও বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ে শিক্ষক না থাকায় তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। এ নিয়ে তারা উদ্বিগ্ন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, মন্ত্রণালয়ের পরিপত্রের কারণে গত সেপ্টেম্বরে ২৫০ জন শিক্ষককে বদলি করতে হয়েছে। এর পর থেকেই শিক্ষকসংকট চরম আকার ধারণ করেছে। যে বিদ্যালয়ে শিক্ষক বেশি আছে, সেখান থেকে প্রেষণে অন্য বিদ্যালয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এ সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না।