একটি পরিবার এখনো একঘরে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আহমদিয়া জামায়াতের সদস্য মতিউর রহমান ছাড়া তাঁর তিন ভাইয়ের পরিবারকে একঘরে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত রোববার সালিস বৈঠকে বসে মাতবরেরা এ সিদ্ধান্ত নেন। তবে মতিউর রহমানকে একঘরে রাখার সিদ্ধান্ত বহাল রাখেন তাঁরা।
এলাকাবাসী ও ভুক্তভোগী ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার নাওগোলা গ্রামের আবদুল মজিদ শেখের ছেলে মতিউর রহমান দীর্ঘদিন ধরে উপজেলা আহমদিয়া জামায়াতের সদস্য। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার নাওগোলা জামে মসজিদে জুমার নামাজ শেষে ইমাম উমর ফারুকের নির্দেশে মাতবর সামছুল ইসলাম, আবদুল হাই ও হোসেন আলী খ্রিষ্টান হয়ে যাওয়ার অভিযোগ এনে মতিউর রহমান ও তাঁর তিন ভাইয়ের পরিবারের ২৫ সদস্যকে একঘরে করার ঘোষণা দেন। আশপাশের লোকজন তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ থাকে। এই অবস্থায় ২০ সেপ্টেম্বর মাতবরেরা তাঁদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
গত রোববার রাতে নাওগোলা জামে মসজিদের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে তাঁর বাড়িতে বৈঠক বসে। বৈঠকে গ্রামের মাতবরেরা তিনটি পরিবারের ওপর থেকে একঘরে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
মাতবর আবদুল হাই বলেন, ইমাম উমর ফারুক ও মসজিদের সভাপতির নির্দেশে মতিউর রহমানের তিন ভাইয়ের পরিবারের ওপর থেকে একঘরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু মতিউর রহমানের ওপর একঘরে বলবৎ রয়েছে। আকবর আলী বলেন, আহমদিয়া মুসলিম জামায়াতের সদস্য মতিউর রহমানের ওপর একঘরে উঠিয়ে নেওয়া হয়নি।