একটি পরিবার তিন মাস ধরে একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মাধবডাঙ্গা গ্রামে মাতবরদের বিচার না মানায় তিন মাস ধরে একঘরে করে রাখা হয়েছে একটি পরিবারকে। স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের তজিবর রহমানের ছেলে ফারুক হোসেন তাঁর চাচাতো বোন আঙ্গুরি খাতুনকে ১৪ বছর আগে ১৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন। তাঁদের ঘরে দুটি সন্তান রয়েছে। ফারুক দীর্ঘদিন ধরে টাঙ্গাইলে কাঠমিস্ত্রির কাজ করেন এবং স্ত্রীর অনুমতি ছাড়াই তিন বছর আগে সেখানে আরেক মেয়েকে বিয়ে করেন। স্বামী দ্বিতীয় বিয়ে করায় আঙ্গুরি খাতুন গ্রাম্য মাতবরদের কাছে বিচার চান। পরে মাতবরেরা কয়েক দফা সালিস করেন। কিন্তু ফারুক ও তাঁর পরিবারের লোকজন সালিসে হাজির হননি। অবশেষ গত ২০ এপ্রিল মাতবরেরা ফারুকের পরিবারকে দুই লাখ টাকা জরিমানা করেন। এই রায় না মানায় গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে গত আগস্ট মাস থেকে তজিবর রহমানের পরিবারকে একঘরে করে রেখেছে।তজিবর রহমান বলেন, ‘ছেলে দ্বিতীয় বিয়ে করেছে, তার বিচার না করে মাতবরেরা আমার পরিবারকে একঘরে করে রেখেছে।’ আঙ্গুরি খাতুন বলেন, ‘ফারুক আবার বিয়ে করেছে তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু সে আমাকে ভরণপোষণের খরচ দেয় না। এর প্রতিবাদ করায় শ্বশুর-শাশুড়ি আমাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার দুটি সন্তান নিয়ে বাবার বাড়িতে অনাহারে থাকতে হয়।’গ্রাম্য মাতবর হারুনার রশিদ বলেন, ‘সমাজের দশজন মিলে সালিসের আয়োজন করা হয়। কিন্তু ফারুক ও তাঁর পরিবারের লোকজন সেখানে হাজির হননি। আমাদের কথার অবাধ্য হওয়ায় তাঁদের একঘরে করে রেখেছি।’