একটি পরিবারকে ভাতে মারার আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিন ধরে সমাজচ্যুত করে রাখা হয়েছে এই পরিবারটিকে। ছবি: প্রথম আলো
সাত দিন ধরে সমাজচ্যুত করে রাখা হয়েছে এই পরিবারটিকে। ছবি: প্রথম আলো

গ্রাম্য সালিসে হাজির না হওয়ার ‘অপরাধে’ নাটোরের সিংড়ার তেলীগ্রামের এক পরিবারকে সাত দিন ধরে সমাজচ্যুত করে রাখা হয়েছে। ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা, চলাফেরা, পানিসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের দ্রব্যাদির লেনদেন বন্ধ করা হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। ঘটনাটি ডাকযোগে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও আজ বুধবার বিকেল পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তেলিগ্রামের সমাজচ্যুত পরিবারের প্রধান রমজান আলী। সম্প্রতি গ্রামের প্রধান আব্দুস সাত্তারের সঙ্গে রমজান আলীর একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে গ্রামের ওই প্রধান ১৭ মে সালিস ডাকেন। কিন্তু সেখানে রমজান আলী ও তাঁর ছেলে জহুরুল ইসলাম হাজির ছিলেন না। এ অবস্থায় সালিস থেকে তাঁদের পরিবারকে সমাজচ্যুত হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে গ্রামের অন্যান্য লোকজন তাঁদের সঙ্গে কথাবার্তা, চলাফেরা বন্ধ করে দিয়েছে। পানিসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লেনদেনও বন্ধ।

শুধু এটুকুই নয়, জহুরুল ইসলাম স্থানীয় ধান ব্যবসায়ী হুমায়ন কবিরের ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখান থেকেও তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রমজান আলী বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে ডাকযোগে চিঠি পাঠান। একই দিন তিনি বাদী হয়ে সমাজের প্রধান বর্গের বিরুদ্ধে জেলার নির্বাহী হাকিমের আদালতে একটি মামলাও করেছেন।

রমজান আলী বলেন, ‘আব্দুস সাত্তার আমার ছেলে জহুরুল ইসলামের বিরুদ্ধে আজেবাজে কথা বলে বেড়াচ্ছেন। এটা নিয়ে তাঁর সঙ্গে আমার সামান্য কথা-কাটাকাটি হয়। অথচ তিনি এই সামান্য বিষয় নিয়ে আমাকে না জানিয়ে সালিস করেছেন। একতরফা বিচার করে আমার পরিবারকে সমাজচ্যুত করেছেন। গ্রামের সাধারণ মানুষ ভয়ে আমাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমনকি আমার চার বছরের এক নাতিকে এলাকার একটি দোকান থেকে পানি খেতে দেওয়া হয়নি। আমি অসহায় হয়ে ঘটনাটি সবাইকে জানিয়েছি।’

জহুরুল ইসলাম বলেন, ‘আমি গ্রামের একটা ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্যানচালক হিসেবে চাকরি করি। প্রধানদের চাপে পড়ে আমার মালিক আমাকে চাকরি থেকে ছাঁটাই করেছেন। এখন আমার আয়-রোজগার সব বন্ধ হয়ে গেছে। টাকার অভাবে বাড়িতে চাল-ডাল কিনতে পারছি না। এভাবে কয়দিন বাঁচব, জানি না।’

এ ব্যাপারে ধান ব্যবসায়ী হুমায়ন কবির বলেন, ‘সামাজিক নিয়ম রক্ষা করতে গিয়ে তাঁকে (জহুরুল) ছাঁটাই করতে বাধ্য হয়েছি। এ ব্যাপারে আমার কিছুই করার ছিল না।’

রমজান আলীর আইনজীবী দেওয়ান লুৎফর রহমান বলেন, অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে জেলার নির্বাহী বিচারিক হাকিমের আদালতে ১০৭ কা. বি. ধারায় মামলা হয়েছে। আদালত বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন।

অভিযোগের ব্যাপারে আব্দুস সাত্তার বলেন, ‘আমরা কাউকে একঘরে করিনি। তাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। সমাজে প্রায় ৩০০টি পরিবার রয়েছে। রমজান আলী ও তাঁর ছেলে জহুরুল ইসলাম সমাজ মানে না। এ জন্য তাদের বিরুদ্ধে সবাই এক জোট হয়েছি।’ তিনি আরও বলেন, সম্প্রতি এক নারী রমজানের ছেলে জহুরুলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন। এ ব্যাপারে জহুরুলকে বারবার ক্ষমা চাওয়ার কথা বলা হলেও তিনি নতি স্বীকার করেননি। বরং তাঁরা গ্রামপ্রধান সম্পর্কে কটূক্তি করেছেন। যে কারণে সামাজিকভাবে তাঁদের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে। তবে অভিযোগকারী নারীর নাম জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

সিংড়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘কাউকে সামাজিকভাবে বয়কট করার অধিকার গ্রাম্য প্রধানদের নেই। এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি।’

স্থানীয় শেরকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফুল হাবিব বলেন, তিনি বেশ কিছুদিন এলাকায় না থাকার কারণে বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

সিংড়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনেছেন। অভিযোগটি সত্যি হলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমান বলেন, এ ব্যাপারে তিনি কোনো চিঠি পাননি। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ঘটনার দ্রুত সুরাহা করবেন বলেও জানান।