একটি পরিবারের জন্য সরকারি সেতু নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে চার সদস্যের একটি পরিবারের জন্য সেতু নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৬ লাখ টাকার সেতুটির ৬০ শতাংশ নির্মাণ হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০১৬-১৭ অর্থবছরে পাকা সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের রায়পুর-পানপাড়া সড়কের কেরোয়া ইউনিয়নের জোড়পুল পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর সেতু নির্মাণের বরাদ্দ হয়। ২০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৭৬৮ টাকা। মেসার্স মজিবুর রহমান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর কাজ পায়।
কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, ‘ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু না করে একটি বাড়ির জন্য এত বড় সেতু নির্মাণ খুবই দুঃখজনক। সেতুটি নির্মাণের ব্যাপারে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। গ্রামে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে সেতুর অভাবে হাজারো মানুষ কষ্ট করছে। সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করছে। সরকারের বরাদ্দের টাকা জনস্বার্থে সেতুটি নির্মিত হলে অনেক মানুষ উপকৃত হতো। তা না করে মাত্র চারজনের একটি পরিবারের জন্য সেতু নির্মাণ করে সরকারের এত টাকা নষ্ট করা হলো।’
নাম প্রকাশ না করার শর্তে দুজন ইউপি সদস্য বলেন, সেতু পার হয়ে মো. সোহাগের পরিবারের সদস্যরা যাতায়াত করবেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আর্থিক সুবিধা দিয়ে সেতুটি অনুমোদন করানো হয়েছে।
তবে উৎকোচ দেওয়ার অভিযোগ অস্বীকার করে সোহাগ বলেন, ‘সেতুর অভাবে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। এ জন্য সরকারিভাবে সেতুটি নির্মাণ করা হচ্ছে। তবে এ জন্য আমাদের কোনো টাকা ব্যয় হয়নি।’
জেলার একাধিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, নিয়ম অনুযায়ী একটি বাড়ির জন্য সরকারি সেতু নির্মাণের সুযোগ নেই। সরকারি সেতু করতে হবে জনগুরুত্বপূর্ণ স্থানে। স্কুল, কলেজ ও হাট-বাজারে যাতায়াতের জন্য সেতু করার নির্দেশনা আছে
অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা পিআইও দেলোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে ওই দিকে একটি রাস্তা করা হবে। তখন অনেক লোকজন বসতি স্থাপন করবেন। এ কারণেই সেতুটি নির্মাণ করা হচ্ছে।