একটি পরিবারের স্বপ্নভঙ্গ
প্রায় এক সপ্তাহ ধরে কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে এসেছে চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার কাজিপুর গ্রামের আবদুল খালেকের। গত শনিবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তাঁর ছোট ছেলে আবদুল মান্নান অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলেসহ নিহত হন। সেদিন থেকে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। পাঁচ দিন পর গত বৃহস্পতিবার আবদুল খালেকের ছেলে, পুত্রবধূ ও নাতির লাশ পৌঁছায় গ্রামের বাড়িতে। দুপুর দুটায় তাঁদের লাশ বাড়িতে পৌঁছলে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।নিহত মান্নানের বাবা আবদুল খালেক ও মা জামেনা খাতুন বারবার মূর্ছা যাচ্ছিলেন, আর বিলাপ করছিলেন, ‘আমাদের পরিবারের স্বপ্ন ভেঙে গেছে। ছেলের আয়ে পুরো সংসার চলত।’ পরিবার সূত্রে জানা গেছে, আবদুল মান্নান ১৫ বছর আগে সৌদি আরবে যান। সেখানে মুরগির খামার ও সবজির বাগান করে উন্নতির পথে ধাপে ধাপে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন। বছর চারেক আগে শাকপুরা ইউনিয়নের কাজিপাড়া এলাকার রুনা আকতারকে বিয়ের কয়েক মাস পর সৌদি আরবে নিয়ে যান। সেখানে তিন বছর আগে ফাহিম নামে তাঁদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। ওই দুর্ঘটনায় আবদুল মান্নানের গাড়িচালকও নিহত হন।