
কিছু মানুষের চোখরাঙানি, অসহযোগিতা, প্রচ্ছন্ন হুমকি। নয় বছরে সাতবার জায়গা বদল। তারপরও টিকে থাকার প্রাণান্ত চেষ্টা। বাড়তি ব্যয়ভার মেটানোর চাপ তো ছিলই। শেষে প্রধান ব্যক্তিদের রাজধানী শহর ত্যাগ, কেউ-বা বিদেশবিভুঁইয়ে।
তারপর যা হওয়ার তাই। লড়াই থেমে যাওয়া।
এভাবেই থেমে গেছে দনিয়ার আরজ আলী মাতুব্বর পাঠাগার। তিন মাস যাবৎ বইসহ যাবতীয় সামগ্রী বস্তাবন্দী।
এর স্লোগান—শিক্ষা, চেতনা, প্রগতি, মুক্তি। লক্ষ্য বিজ্ঞানমনস্ক, মুক্তবুদ্ধির চর্চা, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে জিজ্ঞাসু হয়ে ওঠা। সবচেয়ে বেশি সময় যে ঠিকানায় পাঠাগারটি ছিল, সেটি ৬১৭ দনিয়া, যাত্রাবাড়ী।
তথ্য সংগ্রহে জানা গেল, পাঠাগারটি শুরু হয়েছিল ২০০৬ সালের দিকে। দনিয়া এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া কিছু ছেলেমেয়ের উৎসাহে। এদের সংগঠিত করেছিলেন এস এম শুভ, পারভেজ আলম, জামিল নিয়াজসহ আরও কয়েকজন। দনিয়া ক্লাবে যাওয়ার পথে একটা বাড়ির চিলেকোঠায় কোনোমতে চালু হলো পাঠাগার।
পাঠাগার পরিচালনায় লাগে কিছু অর্থ। বের করা হলো লিটল ম্যাগাজিন। নাম জিজ্ঞাসু। লেখা দিলেন সৈয়দ শামসুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, অজয় রায়সহ অনেকেই। পাওয়া গেল কিছু বিজ্ঞাপনও। বিজ্ঞাপন ও সংখ্যা বিক্রি বাবদ কিছু আয় হলো। আনুষ্ঠানিকভাবে পাঠাগার শুরু করার উপায় বের করতে পারলেন স্বাপ্নিক ওই যুবকেরা।
পরের বছরের মার্চে পাঠাগারের ঠিকানা হলো জনি মিনি মার্কেটের বিপরীতে এক ভাড়াবাড়িতে। সেটা মূলত ছিল কোচিং সেন্টার। কোচিং সেন্টারটি পরিচালনা করতেন তাজ আল মাসুম নামে একজন। তিনি পাঠাগারের জন্য দুটো কক্ষ ছেড়ে দিলেন, নামমাত্র ভাড়ায়। ১ হাজার ২০০ বই দিয়ে যাত্রা শুরু হলো। র্যাক ছিল দুটি।
একটা বড় সাইনবোর্ড উঠল। শিক্ষার্থীরা পাঠাগারে আসা শুরু করলেন। বেলা এগারোটা থেকে একটা ও বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুখর থাকত পাঠাগার। দিনে দিনে বাড়তে লাগল সদস্যসংখ্যা। ৪৯৩ জন সদস্যের চাঁদা, লিটল ম্যাগ বিক্রি থেকে পাওয়া অর্থ—সব মিলে ১ হাজার ২০০ টাকা কক্ষ ভাড়া দিতে বেগ পেতে হলো না আয়োজকদের। শিক্ষার্থীদের পছন্দের আরও কিছু বই সংগ্রহ করা হলো। আয়োজন করা হলো পাঠচক্রসহ বিভিন্ন বিষয়ে সেমিনারের। তারপর নিয়মিত সাড়ম্বরে জাতীয় দিবসগুলো পালন। আরজ আলী মাতুব্বর পাঠাগারের বিভা ছড়িয়ে পড়ল এলাকার বাইরেও।
এভাবে দুই বছর চলল। ২০০৯ সালের দিকে কোচিং ছেড়ে দিলেন তাজ আল মাসুম। পাঠাগারটিও থাকতে পারল না। বাড়ির মালিক চলে যেতে বাধ্য করলেন।
এরপর আজ এখানে, তো কাল ওখানে। ভাড়া বেশি। কোনো কোনো বাড়ির মালিক পাঠাগারের কাছে ‘অ্যাডভান্স’ চেয়ে বসলেন!
শিক্ষা ও গবেষণা সম্পাদক হোসাইন রশিদ ভূঁইয়া বললেন, সর্বশেষ যে বাড়িতে ভাড়া নিয়েছিলেন তাঁরা, সেটা ছিল মূল সড়কের ভেতরে। বর্ষাকালে ঘরে পানি পড়ত।
পাঠাগারটি বন্ধ করলেন কেন? এমন প্রশ্নের জবাবে হোসাইন বললেন, ‘আমরা ২৫ মার্চ ও ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বর্ণমালা স্কুলে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান করতাম। পয়লা বৈশাখে শোভাযাত্রা বের করতাম। আমাদের আয়োজনে অনেক নারী সদস্য যোগ দিতেন। স্থানীয় কেউ কেউ বিষয়টি পছন্দ করতেন না।’
নয় সদস্যের কার্যনির্বাহী পরিষদের অধীনে চলত পাঠাগারটি। সভাপতি পারভেজ আলম এখন দেশের বাইরে। সাধারণ সম্পাদক জামিল নিয়াজ চাকরিসূত্রে ঢাকার বাইরে। অন্যরা যে যাঁর কাজে ব্যস্ত।
মূলত আর্থিক সংকট ও উদ্যোগের অভাবে পাঠাগারটি এই অক্টোবরে বন্ধ করে দিতে হয়েছে, বললেন হোসাইন।
নয় বছরে জিজ্ঞাসুর ১১টি সংখ্যা বের হয়েছে। এখন বইয়ের সংখ্যা আড়াই হাজার। তাই সাময়িকভাবে থেমে গেলেও লড়াই চালিয়ে যেতে যান পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
আসছে ভাষার মাস ফেব্রুয়ারি থেকে আবার পাঠাগারটি চালুর ইচ্ছা তাঁদের। স্থানীয় বিদগ্ধজনেরও চাওয়া, আবার চালু হোক আরজ আলী মাতুব্বর পাঠাগার।