একটি পুলিশি বার্তায় মাদক ছেড়ে সুপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, নয় জেলে যেতে হবে।’ বার্তাটি পুলিশের। এই বার্তা আর ১ হাজার ৬৩২ জন মাদক ব্যবসায়ীর নাম-ঠিকানা ও ফোন নম্বরসংবলিত একটি তালিকা ছড়িয়ে দেওয়া হয় গোটা জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। বদলে যেতে থাকে জেলার মাদক পরিস্থিতি। পুলিশ ও সামাজিক চাপে পড়ে মাদক ব্যবসায়ীরা একে একে আত্মসমর্পণ করতে থাকেন।
তাঁদের অনেকেই এখন ফিরছেন সুস্থ জীবনে। কেউ ভ্যান চালান, কেউ গরুর খামার দিয়েছেন, কেউ চালান মাইক্রোবাস। পুলিশ বলছে, এই প্রক্রিয়ায় গত ছয় মাসে আড়াই শতাধিক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। পুনর্বাসন করতে পুলিশই তাঁদের হাতে তুলে দিচ্ছে ভ্যান ও সেলাই মেশিন। তালিকা করে, পুলিশি ভয় দেখিয়ে ও সামাজিক চাপে ফেলে মাদক ব্যবসায়ীদের সুপথে আনার এমন চিত্র দেশের উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরের।
এই জেলার সঙ্গে ভারতের প্রায় দেড় শ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে মাদকের চালান আসছে অহরহ, যা বন্ধ করা খুবই কঠিন বলে মন্তব্য করেছেন জেলার দায়িত্বশীল এক কর্মকর্তা। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, আগে দিনাজপুরে মাদকের যে রমরমা অবস্থা ছিল, এখন তা নেই।
শুধু তালিকা করেই ক্ষান্ত হয়নি দিনাজপুর জেলা পুলিশ। ৫৬ পৃষ্ঠার একটি পুস্তিকাও প্রকাশ করেছে, নাম আলোকচ্ছটা। গত ২৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের দিনাজপুর আগমন উপলক্ষে পুস্তিকাটি প্রকাশ করা হয়। এতে জেলার ১৩ উপজেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীর নাম-ঠিকানা ও মুঠোফোন নম্বর রয়েছে। গত মার্চের শেষের দিকে দিনাজপুর কোতোয়ালি থানার ২১ জন, বীরগঞ্জ থানার ৫ জন ও বিরল থানার ১০ জন সম্পর্কে খোঁজ নিয়েছে প্রথম আলো। তাঁরা সবাই মাদক ব্যবসা ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এই ৩৬ জনই তখন পর্যন্ত সুস্থ, স্বাভাবিক জীবন যাপন করছেন বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক শহীদুল মান্নাফ কবীর বলেন, আগের চেয়ে দিনাজপুরের মাদক পরিস্থিতি এখন অনেক ভালো। পুলিশের উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে। খুচরা ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়েছেন।
গত ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানা-পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেছিলেন মাহাবুব আলম ও শিউলি বেগম দম্পতি। তাঁরা একসঙ্গে আত্মসমর্পণ করেছেন। পুলিশের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাঁরা ভ্যানগাড়ি বা সেলাই মেশিন পাওয়ার অপেক্ষায় আছেন। মাহাবুব বলেন, ‘ওইলাত তোবা (তওবা) দিছি, ভাই। এলা গরুর খামার দিছি। হামার তানে দোয়া করেন।’
কোতোয়ালি থানার শেখপুরা রেলঘুণ্টি এলাকার কাজলী বেগমের নম্বরে ফোন দিয়ে পাওয়া যায় তাঁর স্বামী মো. মোস্তফাকে। তিনি বলেন, ‘এলা অয় আর ওইলাত (ওইসবে) নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।’
দিনাজপুরের এসপি হামিদুল আলমের ভাষ্য, ‘মাদক ব্যবসায়ীদের কাছে আমরা কেবল এ বার্তাটা পৌঁছে দিতে পেরেছি যে এই ব্যবসা করলে কোনো ছাড় নয়। যারা এরপরও এ কাজ করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকেই আত্মসমর্পণের সংখ্যা বেড়ে গেছে।’ গত ২৩ মার্চের এক পরিসংখ্যান দেখিয়ে তিনি বলেন, ‘এক দিনেই বিরামপুরে ২৩ জন, ঘোড়াঘাটে ১ জন আর হাকিমপুরে ৩২ জন আত্মসমর্পণ করেছেন। যাঁরা আত্মসমর্পণ করছেন, তাঁদের আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। স্থানীয় কিছু এনজিও এ কাজে সাহায্য করছে। তাদের ভ্যান ও সেলাই মেশিনের পাশাপাশি বিভিন্ন কাজের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।’
দিনাজপুরের মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভাবনার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ যে তালিকা নাম-ঠিকানাসহ প্রকাশ করেছে, তাতেই অনেক কাজ হয়েছে। সংকোচে অনেক মাদক ব্যবসায়ী অন্য পেশায় যাচ্ছেন।