একটি পেট্রলপাম্প জলাবদ্ধতার দিকে ঠেলে দিচ্ছে কেশবপুরকে!
যশোরের কেশবপুর শহরের থানা মোড় এলাকায় সরকারি খাল ভরাট করে একটি পেট্রলপাম্প নির্মাণ করা হচ্ছে। পৌরসভার নিষেধ না মেনে জায়গাটির ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, থানা মোড় এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সীমানাপ্রাচীর ঘেঁষে ২৫ শতাংশ জায়গা নিয়ে পাম্পটি গড়ে উঠছে। জমির মালিক নূর আলী বিশ্বাসের কাছ থেকে জমি ইজারা নিয়ে পাম্পটি তৈরি করছেন বিপ্লব ঘোষ নামের এক ব্যবসায়ী। পাম্পের সামনের দিকে সমান্তরালে রয়েছে একটি খাল, যা দিয়ে বর্ষা মৌসুমে উপজেলা সদরের পানি নিষ্কাশিত হয়। কিন্তু ১২ ফুট চওড়া খালটির ওপর ছয় ফুট চওড়া ও ১২০ ফুট দীর্ঘ একটি কালভার্ট নির্মাণ করেছেন পেট্রলপাম্পের মালিক। খালের বাকি ছয় ফুট অংশ ইট দিয়ে ভরাট করা হচ্ছে।এলাকাবাসীর আশঙ্কা, এতে খালটি সংকুচিত হয়ে বর্ষায় শহরে জলাবদ্ধতা দেখা দেবে। সরেজমিনে দেখা যায়, খালের ওপর একটি কালভার্ট তৈরি করা হয়েছে। বাকি অর্ধেক অংশ ইট দিয়ে ভরাট করা হচ্ছে। পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ‘ওই জায়গায় খাল ভরাট না করার জন্য আমরা প্রথম থেকেই বাধা দিয়ে আসছি। শুধু ভবন নির্মাণের নকশা অনুমোদন দিয়েছি। কীভাবে খাল ভরাট করা হলো, কে অনুমতি দিল—এ সংক্রান্ত কাগজপত্র আমাকে দেখানোর কথা থাকলেও তা দেখানো হয়নি।’পাম্পের মালিক বিপ্লব ঘোষ দাবি করেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছ থেকে ইজারা নিয়ে পাম্প তৈরি করেছি। যেন সহজে পানি নিষ্কাশিত হয়—সে কথা মাথায় রেখে কংক্রিটের সেতু নির্মাণ করেছি।’ যশোর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে ঠিকই। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা বলেন, ‘সওজ যদি জায়গা ইজারা দিয়েই থাকে, তাহলে কেউ কোনোভাবেই খাল ভরাট করতে পারবে না। খাল ভরাট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে।’