একটি পোশাক কারখানার অর্ধশত শ্রমিক ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) এফসিআই (বিডি) লিমিটেড নামের একটি পোশাক কারখানার ৬৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের ছাঁটাই করা হয়। তাঁদের বিরুদ্ধে আন্দোলন ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে রমজান মাসে অতিরিক্ত কাজ করতে অপারগতা জানান। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সকালে শ্রমিকেরা একযোগে কারখানা থেকে বের হয়ে যান। এরপর পাশেই একই মালিকের হেলিকন নামের অন্য একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ওই কারখানা (হেলিকন) কর্তৃপক্ষ শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয় ও পরে এফসিআই কারখানাটি সাময়িক বন্ধ রাখে।
শ্রমিকেরা বলেন, গতকাল কারখানা খোলার খবর পেয়ে তাঁরা কর্মস্থলে যান। এ সময় কারখানার মূল ফটকে ৬৭ জন শ্রমিকের ছাঁটাই নোটিশ দেখতে পান। যাঁদের কাউকে গতকাল কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে জানার জন্য গতকাল ডিইপিজেড এলাকায় গেলেও নিরাপত্তা কর্মীদের বাধার কারণে কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।