নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদ ভরাট করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার একটি আবাসন প্রকল্পকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভরাটকাজে ব্যবহূত বিপুল পরিমাণ বালু, টিন, লোহা, কাঠ, বাঁশ ও ইট জব্দ করা হয়েছে।র্যাব-২ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহায়তায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, উপজেলার ইছাপুরা এলাকায় বালু নদের ১৬০ বাই ১২৫ বর্গফুট পরিমাণ স্থানে ১৫ ফুট গভীরতায় বালু ফেলে বারিধারা রিভারসিটি নামক অবৈধ প্রকল্পের নামে দখল করা হয়েছে। প্রকল্প এলাকাকে নদের পানি থেকে রক্ষার জন্য চারপাশে শক্ত টিন ও বাঁশের বেড়া দেওয়া হয়েছে এবং মাঝখানে কিছু পিলারও স্থাপন করা হয়েছে। এতে ওই স্থানে বালু নদের পানির প্রবাহে সরাসরি প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ কারণে ফোর সিজনস হোল্ডিং লিমিটেড (বারিধারা রিভারসিটি) নামক প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ মোতাবেক ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিন লাখ ঘনফুট বালু, ছয় মেট্রিক টন টিন এবং বিপুল পরিমাণ লোহা, কাঠ, বাঁশ ও ইট জব্দ করা হয়েছে।অভিযানের পরপরই নদ দখল ও ভরাটের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের নিয়ে বালু নদের তীরে একটি সচেতনতা সভা করা হয়। মুনীর চৌধুরী সভায় জনগণকে নির্বিচারে নদ দখল ও দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। উপস্থিত জনগণ বালু নদকে দূষণ ও দখলের কবল থেকে রক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের সব কার্যক্রম ও অভিযানে একযোগে কাজ করার অঙ্গীকার করে।