একটি প্রকাশনীর বই চালাতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে রাজশাহীর বাগমারা উপজেলায় সমিতিভুক্ত বিদ্যালয়গুলোতে নিম্নমানের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, শিক্ষক সমিতি নিজেদের স্বার্থে একটি প্রকাশনীর নিম্নমানের বই চালাতে ওই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছে।

উপজেলা শিক্ষা কার্যালয় ও শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, বাগমারায় ২৯টি নিম্নমাধ্যমিক ও ৬৮টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭৯টি বিদ্যালয় সমিতিভুক্ত। গত ২৮ নভেম্বর থেকে এসব বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের স্ব-স্ব বিষয়ের অভিজ্ঞ শিক্ষকেরা প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেবেন। তবে মন্ত্রণালয়ের এই পরিপত্রকে তোয়াক্কা না করে আর্থিক লাভের আশায় উপজেলার শিক্ষক সমিতিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষক সমিতির সরবরাহ করা প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছেন।

উপজেলার ১০-১২ জন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা উপজেলা শিক্ষক সমিতির কাছ থেকে ১৩টি বিষয়ের প্রশ্নের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সেট ১২ টাকায় এবং নবম শ্রেণির সেট ১৫ টাকায় কেনেন। আর পরীক্ষার্থীদের কাছ থেকে ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত পরীক্ষার ফি নেওয়া হয়।

তবে কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমিতির সরবরাহ করা প্রশ্নপত্র নিম্নমানের। কেবল একটি প্রকাশনীর গাইড বই থেকে প্রশ্ন করা হয়েছে। ওই প্রকাশনীর বইগুলো শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকও করা হয়েছে। তাই শিক্ষার্থীরা ওই প্রকাশনীর বই চড়া দামে কিনতে বাধ্য হয়। শ্রেণিকক্ষেও ওই সব গাইড বই পড়ানো হয়। মূলত সমিতির নেতারা ওই প্রকাশনীর সঙ্গে গোপনে চুক্তি করে তাদের নিম্নমানের বই ও গাইড শিক্ষার্থীদের চাপিয়ে দিচ্ছেন। আর এ কারণেই সমিতির নেতারা ওই প্রকাশনীর বই থেকে প্রশ্নপত্র তৈরি করে তা সরবরাহ করছেন। কিন্তু সমিতি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এতে কম মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করছে।

আব্দুল জব্বার, মোবারক হোসেন ও মোশারফ হোসেন নামের তিনজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সমিতির নিম্নমানের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় তাঁদের সন্তানেরা শহরের শিক্ষার্থীদের সঙ্গে পাবলিক ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পেরে উঠছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক প্রথম আলোর কাছে শিক্ষার্থী ও অভিভাবকদের ওই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সমিতির কারণে তাঁদের নিজেদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার আগ্রহ থাকলেও তা পারেন না। এ ছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সৃজনশীল প্রশ্নপত্র তৈরিও করতে পারেন না। বাধ্য হয়ে সমিতি থেকে প্রশ্নপত্র নেওয়া হয়।

বাগমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সমিতির কাছ থেকে প্রশ্নপত্র কিনে পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষক ও সমিতির সুবিধার জন্যই এই কাজ করা হচ্ছে। তবে তিনি দাবি করেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশ্নপত্র নিয়ে সেগুলো যাচাই করে কেন্দ্রীয়ভাবে একটি প্রশ্নপত্র তৈরি করা হয়। তবে তিনি একটি প্রকাশনীর বই থেকে প্রশ্নপত্র তৈরি করার কথা স্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, শিক্ষকেরা সৃজনশীল প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেবেন, এটাই নিয়ম। তবে শিক্ষকেরা সমিতির কেনা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিয়ে থাকেন। তাঁদের বলেও লাভ হচ্ছে না। ভবিষ্যতে স্থানীয় সাংসদের সহযোগিতায় সব শিক্ষককে নিয়ে কর্মশালার আয়োজন করে এই বিষয়ে তাঁদের সচেতন করা হবে।