একটি প্রবন্ধ থেকে হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ত্রিশেক আগের কথা! মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ এক চিকিৎসক একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছিলেন। সেদিন একটি রোগের কথা বলেছিলেন তিনি। রোগটি শহুরে জীবনে মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলেছিলেন। সেই আশঙ্কা মোকাবিলায় সেমিনার থেকেই উদ্যোগী হয়েছিলেন সবাই। ওই চিকিৎসকের নেতৃত্বেই গঠিত হয়েছিল একটি সংগঠন। সেই সংগঠন থেকে হাসপাতালটির জন্ম। নাম সিলেট ডায়াবেটিক হাসপাতাল।
সেদিন সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকারী চিকিৎসক হলেন এম এ রকিব। সিলেটে তিনি এক নামে পরিচিত। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পরে কলেজের অধ্যক্ষ হন। চাকরি থেকে অবসরে গিয়ে হাল ধরেন সংগঠন ও হাসপাতালের। টানা তিন দশক ধরে হাসপাতাল পরিচালনার কাজে কোনো পারিশ্রমিক নেননি তিনি।
প্রায় ৬৮ দশমিক ১৯ শতক জায়গায় পাঁচ তলাবিশিষ্ট হাসপাতালটি সিলেট নগরের কেন্দ্রস্থলে পুরানলেন এলাকায় অবস্থিত। ১৯৮৪ সালে গঠিত সিলেট ডায়াবেটিক সমিতির (সিডাস) মাধ্যমে হাসপাতাল পরিচালিত হচ্ছে। এম এ রকিব সিডাসের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। হাসপাতাল পরিচালিত হচ্ছে সংগঠনের মাধ্যমে। নামমাত্র ফি দিয়ে প্রতিদিন এখানে তিন থেকে চার শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
সেমিনার থেকে সংগঠন: ১৯৮৪ সালের ৩০ নভেম্বর নগরের মীরবক্সটুলা এলাকায় ‘ডায়াবেটিস রোগ ও তার প্রতিকার’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে সিলেটে এ রোগের প্রকোপ বেশি হওয়ার কারণ তুলে ধরা হলে সেখান থেকেই সমিতি গঠনের সিদ্ধান্ত হয়।
ওই বছরের ২১ ডিসেম্বর ২৫ সদস্যবিশিষ্ট ডায়াবেটিক সমিতি গঠন হয়। যার প্রতিষ্ঠাকালীন সভাপতি এম এ রকিব, সাধারণ সম্পাদক ছিলেন সিলেটের তৎকালীন পৌর চেয়ারম্যান আ ফ ম কামাল। ১৯৮৫ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমকে সিলেটে এনে পৌরসভা প্রাঙ্গণে সংবর্ধনা দেওয়া হয়। পরে পৌরসভা পরিচালিত ধোপাদীঘিরপাড় এলাকার দাতব্য চিকিৎসালয় ‘বিনোদিনী’তে চালু হয় ডায়াবেটিক চিকিৎসার অস্থায়ী ক্লিনিক।
একজন দিয়ে শুরু: ক্লিনিকের সব কটি পদে একজন দিয়েই শুরু হয়েছিল। এম এ রকিব হাসপাতাল থেকে একজন চিকিৎসককে খণ্ডকালীন দায়িত্ব পালনে নিয়োগ দেন। ফার্মাসিস্টও ছিলেন একজন। এভাবে সেবিকা, পিয়ন ও নৈশপ্রহরী পদেও ছিলেন একজন করে। সমিতির সদস্যরা প্রত্যেকেই এক হাজার টাকা করে দিয়ে প্রাথমিক তহবিল গঠন করেন। পরে দাতাদের সহায়তায় ক্লিনিকের কাঠামো হয়। দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকে। ক্লিনিক যেন রোগীদের সেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছিল না। তখন প্রয়োজন পড়ে সরকারি সহায়তার। ১৯৯২ সালে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পুরানলেনের একটি বাড়িতে হাসপাতাল স্থানান্তরের ক্ষেত্রে সহায়তা করেন। এখন সমিতির সদস্য ৭৫ জন। প্রত্যেকে এক হাজার টাকা করে প্রতি মাসে সমিতির তহবিলে জমা দেন। সেই টাকা থেকেই হাসপাতালের ব্যয়ভার বহন করা হয়। এ ছাড়া প্রবাসীদের অনুদান তো আছেই।
হাসপাতালে একদিন: হাসপাতাল বলতেই চোখের সামনে যে চিত্র ভেসে ওঠে, ডায়াবেটিক হাসপাতালে তার ছিটেফোঁটাও নেই। কোলাহলহীন শান্ত পরিবেশ। বহির্বিভাগে মেয়ে সুজেলাকে নিয়ে এসেছিলেন সিলেটের কানাইঘাটের ঝিংগাবাড়ির আবদুল মতিন। নিবন্ধিত রোগী হওয়ায় সুজেলা নিয়মিতই ইনসোলিন বিনা মূল্যে পাচ্ছিল। ওই দিন তার অবস্থা দেখে চিকিৎসকেরা বিনা মূল্যে ভর্তি ও চিকিৎসংক্রান্ত পরীক্ষার ব্যবস্থা করেন। আবদুল মতিন কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও যেন হারিয়ে ফেলেন। আবেগাপ্লুত মতিন বলেন, ‘ই-লা সমাদর পাইমু আসপাতালও...স্বপ্নেও ভাবছি নায়...!’ হাসপাতালে শুরুর সেই একজনবিশিষ্ট লোকবল এখন শতাধিকজনে গড়িয়েছে। একজন তত্ত্বাবধায়ক, আবাসিক চিকিৎসকের নেতৃত্বে ১৭ জনের চিকিৎসক দল রয়েছে। রোগীর ব্যবস্থাপত্র ফ্রি। ভর্তির ক্ষেত্রে ২০ টাকা রেজিস্ট্রেশন নেওয়া হয়। সুস্থ হয়ে ফেরার সময় রেজিস্ট্রেশনের সঙ্গে ডায়াবেটিস রোগ সচেতনতার একটি ‘গাইড’ উপহার দেওয়া হয়। এটি পরবর্তী সময়ে রুটিন মেনে চলতে ভীষণ কাজ দেয় বলে রোগীরা জানান।
আবাসিক চিকিৎসক (আরএমও) ললিত মোহন নাথ জানান, গড়ে ৫০ জন রোগীর মধ্যে চার থেকে পাঁচজনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
‘সন্তান আমার হাসপাতাল’: নগরের কাজলশাহ এলাকার বাসিন্দা এম এ রকিব। দুই ছেলেমেয়ে তাঁর। দুজনই যুক্তরাষ্ট্রপ্রবাসী। সন্তানদের কাছে যাওয়া আর হাসপাতালে দায়িত্ব পালন—এই দুটি কাজেই কাটে তাঁর জীবন। পরিবার প্রসঙ্গে রকিব বলেন, ‘আমার সন্তান দুজনই পরিবার নিয়ে প্রবাসে স্থায়ী। আমি মাঝেমধ্যে তাদের কাছে যাই। কিন্তু ফিরে আসি আরেক টান নিয়ে। সেটি হচ্ছে এই হাসপাতাল। বলতে গেলে সন্তান আমার হাসপাতাল।’ অবসর জীবনেও কর্মময় জীবন সম্পর্কে রকিব বলেন, ‘যে রোগের সেবায় নিয়োজিত এই হাসপাতাল, ভবিষ্যতে সেটি মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। সেই আশঙ্কা আমাকে তাড়িত করে। এখন থেকে সবাইকে খুব সচেতনতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে।’
হাসপাতাল পরিচালনায় গঠিত কমিটির সাধারণ সম্পাদক লোকমান আহমদ। তিনি জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তাঁর ভাষ্য, ‘স্যারসহ আমাদের এখন একটিই স্বপ্ন, ডায়াবেটিক হাসপাতালের সঙ্গে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা।’