একটি প্রেম ও শাস্তি
ঘটনার শুরু চার বছর আগে। তখন নাজমুন নাহার নামের মেয়েটির বয়স ছিল ১৩ বছর। সে প্রতিবেশী তরুণ আবদার আলীর (২৪) সঙ্গে প্রেম করত। এটা মেনে নেয়নি তার বাবা-মা। একপর্যায়ে বাবা-মায়ের অমতেই প্রেমিককে বিয়ে করে নাজমুন। এতে মেয়ের বাবা হাসেম আলী ক্ষুব্ধ হয়ে ওই তরুণের বিরুদ্ধে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেন। মেয়েটি স্বেচ্ছায় আবদার আলীকে বিয়ে করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয়। তার জবানবন্দির পর আদালত মেয়েটিকে তার শ্বশুরের জিমঞ্চায় দেন। মেয়েটি তখন থেকে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছে। ওই সময় গ্রামবাসী নাজমুন ও আবদারের পক্ষ নিলে প্রতিবেশীদের ওপরও ক্ষুব্ধ হন হাসেম আলী। এই পুরো ঘটনাটি রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামের।
সম্প্রতি খোঁজ নিয়ে জানা যায়, হোসেন আলী দীর্ঘদিন ধরে আশায় আশায় ছিলেন, মেয়ে ফিরে আসবে। কিন্তু তা না হওয়ায় প্রতিবেশীদের ওপর ক্ষুব্ধ হাসেম আলী ১৯টি পরিবারের যাতায়াতের রাস্তা বছর দুয়েক আগে প্রাচীর তুলে বন্ধ করে দেন। এতে অন্তত ১০০ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। এ অবস্থায় ভুক্তভোগী চারটি পরিবার বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।
এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সেই নাজমুন মুঠোফোনে বলে, ‘এখন আমি স্বামীর সঙ্গে ঢাকায় আছি। আমাদের একটি সন্তানও আছে। তবে আমার বিয়েটা আমার বাবা এখনো মেনে নেননি।’
রাস্তা বন্ধ করায় ভুক্তভোগী পরিবারগুলো জানায়, এর আগে রাস্তাটি খুলে দিতে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান-সদস্যসহ গণ্যমান্যদের কাছে অভিযোগ করে। তবে তাতে কোনো কাজ হয়নি। সংশ্লিষ্ট ইউপি সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক ২৫ মার্চ জানান, অভিযোগ পেয়ে বিষয়টি সুরাহা করতে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু হাসেম আলী তাঁদের অনুরোধও রাখেননি।
চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘আমরা ওখানে গিয়েছিলাম। কিন্তু হাসেম আলী আমাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এখন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।’
ভুক্তভোগী নেজাম উদ্দিন (৯০) বলেন, ‘স্বাধীনতার আগে থেকেই আমরা ওই রাস্তা ব্যবহার করতাম। আমরা হাসেম আলীর মেয়ে-জামাতার পক্ষে কথা বলায় তিনি খেপে তাঁর বাড়ির পাশ দিয়ে যাতায়াতের ওই রাস্তাটি বছর দুয়েক আগে বন্ধ করে দিয়েছেন।’
অবরুদ্ধ হয়ে পড়ায় নিজ বাড়ির ভিটা বিক্রি করে অন্যত্র চলে যাওয়া মিলটন অভিযোগ করেন,‘ বসতভিটা কম দামে বিক্রি করে মোস্তফাপুর খেয়াঘাট এলাকায় চলে আসছি।’
অভিযুক্ত হাসেম আলী বলেন, ‘আমার জমির ওপর দিয়ে রাস্তা। তাই আমি বন্ধ করে দিয়েছি। কে কোন দিক দিয়ে হাঁটবে সেটা তাঁর ব্যাপার। আমি অন্যায় করলে তাঁরা আদালতে মামলা করুক।’
ইউএনও (ভারপ্রাপ্ত) আরিফ বেগ বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’