একটি ফেরিঘাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত ভারী বৃষ্টিপাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটের পন্টুনের মাটি সরে যাওয়ায় ঘাটটি বন্ধ হয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ছয় সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতভর ভারী বর্ষণের কারণে দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাটের পন্টুনের চারপাশের মাটি নরম হয়ে সরে যাওয়ায় ঘাট থেকে পন্টুনটি আলাদা হয়ে গেছে। এ কারণে রাত দুইটা থেকে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানো-নামানো বন্ধ হয়ে গেছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, শনিবার মধ্যরাত থেকে ১ নম্বর ফেরিঘাটটি বন্ধ রয়েছে। আরিচা থেকে উদ্ধারকারী জাহাজের সাহায্য চাওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হলে রোববার সন্ধ্যা নাগাদ ঘাটটি চালু হতে পারে। এ ছাড়া বাকি দুটি ঘাটের মাটিও অনেকটা নরম হওয়ায় ফেরিতে যানবাহন সাবধানে ওঠানামা করছে।গোয়ালন্দের উপসহকারী কৃষি কর্মকর্তা মুঞ্জুর রহমান জানান, শনিবার রাতে ১০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এ ছাড়া গত দুই সপ্তাহের বন্যার পানিতে ও পদ্মার স্রোতের কারণে দেবগ্রামের বেথুরি, চর দেলন্দি, বাঘাবাড়ি ও অন্তারমোড় এলাকার প্রায় ৬০টি বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ইতিমধ্যে এসব এলাকার প্রায় ১৫ হেক্টর জমির ফসল নদীগর্ভে বিলীন হয়েছে। দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার জানান, এক সপ্তাহ আগেও পদ্মা তীরবর্তী এলাকা ভাঙতে থাকলে প্রায় অর্ধশত পরিবার তাদের ঘর-বাড়ি সরিয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেয়। কয়েক দিন ভাঙন বন্ধ থাকলেও নতুন করে দ্বিতীয় দফা পানি বৃদ্ধির কারণে ফের ভাঙতে শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।