একটি বই ও সিলেটের 'আবহবিচ'
‘আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাই’—এ দাবি নিয়ে গঠিত হয়েছিল একটি সংগঠন। সে সময়ের প্রেক্ষাপটে দাবিটি ‘আবহবিচ’ বলে সংক্ষেপে উচ্চারিত হতো। সংগঠনটির নামও দেওয়া হয়েছিল আবহবিচ। প্রায় দুই দশক আগে সিলেটে রাজনীতির বাইরে তরুণ পেশাজীবীদের এমন একটি সাংগঠনিক তৎপরতা প্রকাশ পেয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরীর আত্মজীবনী স্মৃতি, সরণি-এর প্রকাশনা অনুষ্ঠানে।
গত রোববার রাতে সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে এ বইয়ের প্রকাশনার মধ্য দিয়ে উন্মোচিত হয় আবহবিচ নামের সাংগঠনিক তৎপরতার কথা। অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে শুরু করে প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত হয়ে মুকির হোসেন চৌধুরীর নেতৃত্বে সেই সাংগঠনিক তৎপরতাকে ওই সময়ের এক সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেন।
মুকির হোসেন চৌধুরীর স্মৃতি, সরণি বইটি প্রকাশ করেছে সিলেটের চৈতন্য প্রকাশনা। বইয়ে ‘জীবন ও কর্মবৃত্তান্ত’ অনুচ্ছেদে রয়েছে আবহবিচ-সম্পর্কিত তথ্য। ১৯৯৫ সালে সিলেটের প্রয়াত সাংবাদিক ও কলেজশিক্ষক মহিউদ্দিন শীরুকে আহ্বায়ক ও মুকির হোসেন চৌধুরীকে সদস্যসচিব করে গঠিত হয়েছিল আবহবিচ। এ সংগঠনের নেতৃত্বের দুজন ১৯৯১ সালে রাজনৈতিক দল ক্ষমতাসীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু হত্যার দাবি নিয়ে রাজনীতির বাইরে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সচেতনতা তৈরির ধারাবাহিক কাজ করার পর ১৯৯৫ সালে গঠন করেছিলেন আবহবিচ।
প্রায় ২১ বছর পর সেই আবহবিচ মুকির হোসেন চৌধুরীর স্মৃতি, সরণি বইয়ের মধ্য দিয়ে প্রকাশ ঘটায় রোববার রাতে প্রকাশনা অনুষ্ঠানটি রূপ নিয়েছিল প্রায় দুই দশক আগের সেই রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনার।