একটি বাঁধ ২৪ গ্রামের মানুষের মরণফাঁদ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সুবন্ধি এলাকায় চাওড়া নদীতে পানি উন্নয়ন বোর্ড একটি বাঁধ নির্মাণ করায় নদীটির প্রায় ৩০ কিলোমিটারজুড়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। গত বছর অপরিকল্পিতভাবে দ্বিতীয়বারের মতো এই বাঁধটি নির্মাণের পর এক বছরেই নদীর বিশাল এলাকা কচুরিপানায় ভরে গেছে। নদীর পচা পানির দুর্গন্ধে দুই পাড়ে মানুষের বসবাস করা দুরূহ হয়ে পড়েছে। এই পানি দিয়ে কোনো কাজ তো দূরের কথা জমিতে চাষাবাদের কাজেও কৃষকেরা তা ব্যবহার করতে পারছেন না।সরেজমিনে দেখা গেছে, চাওড়া নদীর একটি শাখা আমতলী থেকে তালুকদারহাট হয়ে রাওঘা গ্রামের সুবন্ধি এলাকার দিকে এবং আরেকটি শাখা তালুকদারহাট থেকে হলদিয়া বিশ্বাসের হাট পর্যন্ত প্রবাহিত হয়েছে। নদীটি পশ্চিমে পায়রা, উত্তরে রামনাবাদ এবং দক্ষিণে টিয়াখালী নদীর সঙ্গে মিশেছে। চাষাবাদ ও গৃহস্থালির কাজের জন্য এই নদীর পানির ওপর আমতলী, কুকুয়া, চাওড়া ও হলদিয়া ইউনিয়নের ২৪টি গ্রামের প্রায় এক লাখ মানুষ নির্ভরশীল। স্থানীয় লোকজন জানায়, ১৯৬৮ সালে নদীটির উত্তর শাখা অংশের সুবন্ধি এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হয়। ১৯৮১ সালে নদীটির আমতলী অংশে আরেকটি বাঁধ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে টিয়াখালী নদীটি মরে গেলে চাওড়া নদীতে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে ১৯৯০ সালে উপজেলা প্রশাসন সুবন্ধি বাঁধটি কেটে দেয়। এর পর প্রায় ১৮ বছর স্থানীয় লোকজন বিভিন্ন কাজে এই নদীর পানি ব্যবহার করেছে। এ ছাড়া এ নদী দিয়ে পণ্যও পরিবহন করা হতো। কিন্তু ২০০৯ সালে পানি উন্নয়ন বোর্ড পুনরায় সুবন্ধি এলাকায় বাঁধ নির্মাণ করে।স্থানীয় চন্দ্রা গ্রামের কৃষক আবদুস ছত্তার জানান, এই নদীর পানি দিয়ে গোসল করায় তাঁর হাত-পায়ে দগদগে ঘা হয়ে গেছে। তাঁর পরিবারের অন্যান্য সদস্যও চর্মরোগে আক্রান্ত হয়েছে। পাতাকাটা গ্রামের রোশনা বেগম জানান, এখন প্রায় তিন কিলোমিটার দূর থেকে তাঁদের পানি সংগ্রহ করতে হচ্ছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মদন জি পাল বলেন, ‘চাওড়া নদীর পানি যে হারে দূষিত হয়েছে তা কোনো অবস্থায়ই ব্যবহার করা ঠিক না। এখনই সমস্যার সমাধান না হলে ওই এলাকায় ব্যাপকহারে চর্ম ও পানিবাহিত রোগ-ব্যাধি ছড়িয়ে পড়বে। পানি উন্নয়ন বোর্ড আমতলীর উপবিভাগীয় প্রকৌশলী আকবর হায়দার ভূঁইয়া দাপ্তরিক কাজে বরিশালে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী জহিরউদ্দিন আহমেদ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবহিত নই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখে সত্যতা পেলে অবশ্যই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেব।’