একটি বাঁধের কারণে ৫ হাজার একর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ‘বাদুরা খালের (ভূতার খাল) অপরিকল্পিত বাঁধ: সমস্যা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) স্থানীয় মহিউদ্দিন মহিলা কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে।
ইকতিয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বাদুরা খালের অপরিকল্পিত বাঁধের কারণে বছরের পর বছর জলাবদ্ধতায় আমন মৌসুমে কয়েক হাজার একর জমি অনাবাদি থাকা ও এলাকাবাসীর বিভিন্ন সমস্যা নিরসনের বিভিন্ন দিক তুলে ধরে বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় আলোচকেরা মঠবাড়িয়ার বড় শৌলা কৃষি ব্লকের বাদুরা খালের অপরিকল্পিত বাঁধের কারণে কৃষি ও জনজীবনের বিপর্যয় তুলে ধরেন। খালের এ বাঁধের কারণে ওই এলাকার পাঁচ হাজার একর জমি বছরের পর বছর অনাবাদি থাকছে।
মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের বাদুরা খালে ২০১০ সালে স্থানীয় কৃষকেরা কৃষিজমিতে লবণপানির আগ্রাসন রোধে স্বেচ্ছাশ্রমে অস্থায়ী বাঁধ দেন। এ বাঁধের কারণে তিনটি ইউনিয়নে অন্তত ১৫টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। এতে হাজার হাজার একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়লে কৃষকেরা বিপাকে পড়েন। পরে কৃষকেরা বাঁধ অপসারণের চেষ্টা করলে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বাঁধার মুখে পড়েন কৃষকেরা। বাঁধ অপসারণে বিপর্যস্ত কৃষকেরা কয়েক দফা মানববন্ধন করেন। জনস্বার্থে বাঁধ অপসারণে বেলা ও স্থানীয় কৃষকেরা ২০১৫ সালের ৩০ নভেম্বর হাইকোর্টে একটি রিট পিটিশন করেন।