একটি বাজার বিলীন, ভাঙছে আরেকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া বাজার। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া বাজার। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৮টি স্থানে মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে গত দেড় মাসে কমলনগরের লুধুয়া বাজার পুরোপুরি বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভেঙে যাচ্ছে কমলনগরের সাহেবের হাট ইউনিয়নের কাদির পণ্ডিতের হাট। এ ছাড়া রামগতি উপজেলার কয়েকটি এলাকায় সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে পড়েছে।
লুধুয়া বাজারের ক্ষতিগ্রস্ত দোকানি মাহবুবুর রহমান ও গোলাম সারোয়ার জানান, মেঘনার অব্যাহত ভাঙনের মুখে গত দেড় মাসে বাজারের সাড়ে ৩০০ দোকান ও বাজারসংলগ্ন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়। বাজারটি এখন পুরোপুরি বিলীন হয়ে গেছে।
সাহেবের হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের বলেন, প্রচণ্ড ঢেউয়ের আঘাতে নদী তীরের বিভিন্ন এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এক মাসে বাতির খাল থেকে মাতাব্বর হাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় নদী প্রায় ৩০০ ফুট ভেতরে ঢুকে গেছে। এতে ওই এলাকার শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে গেছে।
কাদির পণ্ডিতের হাটের দোকানি মনছুর আহমদ, আনিসুর রহমান ও আক্তার হোসেন বলেন, ভাঙনে বাজারের দুই শতাধিক দোকান বিলীন হয়ে গেছে। একটি উচ্চবিদ্যালয় ও কৃষি ব্যাংকের একটি শাখা স্থানান্তর করতে হয়েছে। এ ছাড়া একটি মাদ্রাসা, মাদ্রাসার মসজিদ ও বাজারের আরও শতাধিক দোকান ভাঙনের হুমকিতে আছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রামগতি উপজেলার রামগতির হাটে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয়, বড়খেরি স্বাস্থ্য উপকেন্দ্র, বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ি, জেলা পরিষদের ডাকবাংলো, রামগতি আছিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, রামগতি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা, আলেকজান্ডার ইউনিয়নের বাংলাবাজার, চর গেছপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসলপাড়ায় পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকির মধ্যে আছে।
কমলনগর নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবদুল মোতালেব বলেন, রামগতি ও কমলনগরে ৩৭ কিলোমিটার এলাকা মেঘনা নদীর ভাঙনের কবলে পড়েছে। কয়েকটি এলাকায় ভাঙন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
রামগতিতে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন জানান, রামগতি ও কমলনগরের ৩৭ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের জন্য ১ হাজার ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প ২০১৪ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়েছে। ওই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে (২০১৫-১৬ অর্থবছরে) রামগতি উপজেলা সদর আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার, রামগতির হাটে এক কিলোমিটার ও কমলনগরের মাতাব্বর হাটে এক কিলোমিটার এলাকায় কাজ করার জন্য ১৯৮ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে চর আলেকজান্ডার অংশের কাজ শেষ পর্যায়ে। গত এপ্রিলে কমলনগরের মাতাব্বর হাটে কাজ শুরু হয়েছে। বর্ষার পর রামগতির হাটেও কাজ শুরু করা হবে।