বিলটি পরীক্ষা করে এক দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়
একটি বাড়ি একটি খামার প্রকল্প অব্যাহত রাখতে সংসদে বিল
একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মসূচি অব্যাহত রাখতে পল্লি সঞ্চয় ব্যাংক আইন সংশোধনের প্রস্তাব করে গতকাল মঙ্গলবার সংসদে বিল উত্থাপিত হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। পরে বিলটি পরীক্ষা করে এক দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
পল্লি সঞ্চয় ব্যাংক আইনের ৩৯ ধারায় বলা আছে, ২০১৬ সালের ৩০ জুনের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প বিলুপ্ত হবে। বিলুপ্ত প্রকল্পের সব সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, অর্থ, কর্মসূচি ও দায় পল্লি সঞ্চয় ব্যাংকের হাতে চলে যাবে। কিন্তু এই আইন সংশোধন না করেই গত ২৫ অক্টোবর একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ চার বছর বাড়িয়ে ৮ হাজার ১০ কোটি টাকার বরাদ্দের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই বরাদ্দকে বৈধতা দিতে সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে আইনটি সংশোধন করে।
এ ছাড়া গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) পরিচালনায় একটি অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য সংসদে বিল পাস হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল, ২০১৬ নামের বিলটি সংসদে উত্থাপন করেন সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
বিলটিতে সংশোধনী প্রস্তাব দেওয়ার সময়ে জাতীয় পার্টির ফখরুল ইমাম আইনমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি বলেছেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিলটি আনা হয়েছে। সুনাগরিকের সংজ্ঞা কী? সামরিক প্রশিক্ষণ নিলেই কি সুনাগরিক হওয়া যায়? প্রশিক্ষণ নিলে নাগরিক হওয়া যায়। সুনাগরিক নয়। কাদের যেন বুদ্ধি কিসের নিচে থাকে। এটা আমরা সবাই জানি।’
জবাবে আনিসুল হক বলেন, ‘মাননীয় সদস্য যা বলেছেন... কোথায় বুদ্ধি থাকে... সেটা মনে হয় ওনার সামনের সারির দ্বিতীয় সিটের মানুষটি থাকলে বলতেন না।’ জাতীয় পার্টির সাংসদদের প্রথম সারির দ্বিতীয় আসনে বসেন সাবেক সেনাশাসক এইচ এম এরশাদ।
পরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল, ২০১৬ সংসদে পাস হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।