একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে রেশম চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের ১৩টি উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে রেশম চাষ সম্পৃক্ত হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল হক ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন রেশম উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ ও প্রেষণার সদস্য সেরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে রেশম চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হলে রেশমশিল্পের উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষত নারীদের অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে। অন্যদিকে, রেশম চাষকে এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করে গ্রামীণ রেশমচাষিদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব।
কর্মশালায় সিদ্ধান্ত হয়, তুঁত চাষে যাঁরা আগ্রহী, তাঁদের একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্য করা, সদস্যসহ এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে মতবিনিময়ের ব্যবস্থা করা এবং ৬০ জন সদস্যের বাইরে প্রয়োজনে নতুন চাষি সম্পৃক্তকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য বিভিন্ন পর্যায়ে সবার সহযোগিতা নেওয়া হবে।
কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মোট ১৩টি উপজেলায় দায়িত্বরত একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও মাঠ পরিদর্শকদের সঙ্গে রেশম বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।