একটি বাতিল জাহাজ আমদানি নিয়ে বন্দরে চাঞ্চল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙার জন্য আমদানি করা একটি বাতিল (স্ক্র্যাপ) জাহাজ নিয়ে চট্টগ্রাম বন্দরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমভি এশিয়া ইউনিয়ন নামের এ জাহাজটিতে বিষাক্ত বর্জ্য আছে উল্লেখ করে সেটি যাতে বাংলাদেশের জলসীমায় ঢুকতে না পারে, সে জন্য পরিবেশ অধিদপ্তর বন্দর ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তবে জাহাজটির আমদানিকারকেরা বলেছেন, তাঁদের ওই জাহাজে ক্ষতিকর কোনো পদার্থ নেই। আজ সোমবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি ভেড়ার কথা রয়েছে।এমভি এশিয়ান ইউনিয়ন আমদানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আদতে এ জাহাজে কোনো বর্জ্যই নেই। জাহাজটির স্থানীয় এজেন্ট কসকো (বাংলাদেশ) শিপিং লাইন্সের পক্ষ থেকে গতকাল রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টম হাউসসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বলা হয়েছে, জাহাজটি যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে না পারে, সে জন্য একটি মহল অসৎ উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে একটি চিঠি দিয়ে জাহাজটি যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে না পারে, সে জন্য চট্টগ্রাম বন্দরসহ সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়। এ জাহাজে বস্তাভর্তি অ্যাসবেস্টর-জাতীয় বর্জ্য আছে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব প্রথম আলোকে বলেন, ‘জাহাজটিতে অ্যাসবেস্টরস-জাতীয় বিষাক্ত বর্জ্য আছে বলে ইন্টারনেট থেকে আমরা একটি বার্তা পেয়েছি। ওই বার্তার ভিত্তিতে জাহাজটিকে বাংলাদেশের জলসীমায় ঢুকতে না দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।’কসমস শিপিংয়ের উপব্যস্থাপক রিয়াজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশি এক ব্যবসায়ী জাহাজটি সিঙ্গাপুরে সস্তা দামে কিনতে চেয়েছিলেন। কিন্তু জাহাজমালিক আরও বেশি দামে জাহাজটি বিক্রি করে দেওয়ার কারণে ওই প্রভাবশালী ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে জাহাজটিতে বিষাক্ত বর্জ্য আছে বলে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন।’ রিয়াজ দাবি করেন, দেশে আসার পর বিভিন্ন সংস্থা জাহাজটি পরিদর্শন করলেই বুঝতে পারবেন, সেটিতে আসলে কোনো বিষাক্ত বর্জ্য নেই।বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন ও হারবার) ক্যাপ্টেন এম শাহজাহান বলেছেন, তাঁরা পরিবেশ অধিদপ্তরের চিঠি পেয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে রাতে (গতকাল রাতে) তাঁরা আমদানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই জাহাজটি বন্দরে ঢুকতে দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।