একটি বাল্যবিবাহের আয়োজন চূড়ান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির বিয়ে হবে ১৬ জুলাই। বয়স তার মাত্র ১৩। পড়ে অষ্টম শ্রেণীতে। শোনা গেছে, এই মেয়েটির বিয়ে হচ্ছে তার অনিচ্ছায়।সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের এই মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বরপক্ষের পীড়াপীড়িতে মেয়েটির বাবা-মা রাজি হয়েছেন। মেয়েটি বিয়েতে আপত্তির কথা জানিয়েছে তার বিদ্যালয়ের শিক্ষকদের। বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা তার মা-বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়েছেন। বিয়ে বন্ধ করার অনুরোধও করেছেন। কিন্তু এর পরও ‘পানচিনি’ হয়ে গেছে গোপনে। এ ব্যাপারে কথা হয় মেয়েটির বাবার সঙ্গে। কিন্তু তিনি বেশি কিছু বলতে চাননি। শুধু বলেন, ‘কিতা করমু, জামাই বেটায় যে বিয়া না অইলে মানইন না।’মেয়েটির মা চোখের পানি মুছে বলেন, ‘এখন আর মাতিয়া কিতা অইত, চিনিপান তো অই গেছে।’ কথা বলার চেষ্টা করা হয় বরের সঙ্গে। কিন্তু দুই দিন ধরে তাঁর মুঠোফোন বন্ধ। বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তিনি স্থানীয় বাজারের পান ব্যবসায়ী। মেয়েটির একজন শিক্ষক বলেন, ‘আমরা মেয়ের অভিভাবককে বুঝিয়েছি, ১৮ বছর বয়স না হলে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এর পরও যদি কেউ না শোনে, কী করব।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, ‘গ্রামদেশের ব্যাপার, বেশি কিছু বলতেও পারি না। সাধ্যমতো চেষ্টা করলাম, পারলাম না। অবশ্য প্রশাসন ইচ্ছে করলে এ বিয়ে এখনো বন্ধ করতে পারবে।’খোঁজ নিয়ে জানা যায়, গোয়াইনঘাটে আশঙ্কাজনকভাবেই বেড়েছে বাল্যবিবাহ। গত ফেব্রুয়ারি মাসে এ রকম আরও তিনটি বিয়ে হয়েছে। অথচ এরা সবাই ছিল মেধাবী ছাত্রী। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহমেদ আতাউল গণি বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তি দেওয়ার সময় আমরা অভিভাবকদের শর্ত দিই, ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া চলবে না।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিনকে ১৩ বছর বয়সী একটি মেয়ের বিয়ে হতে যাওয়ার কথা জানালে তিনি বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে কেউ সহায়তা চাইলে আমরা সহায়তা দিতে প্রস্তুত।’