একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু রাখতে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মসূচি অব্যাহত রাখতে পল্লী সঞ্চয় ব্যাংক আইন সংশোধন করে আজ বৃহস্পতিবার সংসদে বিল পাস হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। মঙ্গলবার বিলটি সংসদে উত্থাপিত হয়। 

পল্লী সঞ্চয় ব্যাংক আইনের ৩৯ ধারায় বলা আছে, ২০১৬ সালের ৩০ জুনের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প বিলুপ্ত হবে। বিলুপ্ত প্রকল্পের সব সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, অর্থ, কর্মসূচি ও দায় পল্লী সঞ্চয় ব্যাংকের হাতে চলে যাবে।
কিন্তু এই আইন সংশোধন না করেই গত ২৫ অক্টোবর একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ চার বছর বাড়িয়ে ৮ হাজার ১০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই বরাদ্দকে বৈধতা দিতে সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে আইনটি সংশোধন করে।
পাস হওয়া বিলে আইন থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে বেঁধে দেওয়া সময়সীমা বাদ দেওয়া হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, সরকারনির্ধারিত তারিখে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের হাতে চলে যাবে।
বিলটি পাসের আগে বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা বলেন, সরকার ভুল করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ বাড়ানোতে আইনের সংশোধনী এনেছে। তাঁরা বিলটির ওপর জনমত যাচাই প্রস্তাব করেন।
জনমত যাচাইয়ের প্রস্তাবটি ভোটে দেওয়ার আগে বিরোধীদলীয় সদস্যদের কথার জবাব দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা এটা ভুল করে করিনি। আইনে রয়েছে ৩০ জুন একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম শেষ হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। তারা এই প্রকল্প অব্যাহত রাখতে চায়। বিশাল জনগোষ্ঠীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে এই সংশোধনী আনা হয়েছে। জনমতের চাপেই আমরা এই সংশোধনীটি এনেছি। কাজেই জনমত যাচাইয়ের প্রয়োজনটা আসছে কেন?’
এর আগে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিল ২০১৬ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।