একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে মানুষ দরিদ্রতা থেকে মুক্তি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দেশে হতদরিদ্র মানুষ দরিদ্রতা থেকে মুক্তি পাবে।মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ প্রকল্পের সেরা উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর কবির যুব ও ছাত্রসমাজকে উদ্দেশ করে বলেন, আজকে সময় এসেছে সমবায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার। নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সমবায়ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে।একটি বাড়ি একটি খামার প্রকল্পের মুন্সিগঞ্জের সভাপতি জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার, জাতীয় পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল জলিল মিয়া, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদ প্রমুখ।আলোচনা সভা শেষে একটি বাড়ি একটি খামার প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাঁরা ভূমিকা রেখেছেন, এমন ১০ জন সেরা উদ্যোক্তার হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এরপর প্রতিমন্ত্রী সন্ধ্যায় মুন্সিগঞ্জে বজ্রযোগিনী ইউনিয়নের চুরাইন গ্রামে চুরাইন গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে উঠোন বৈঠকে উপস্থিত হন। সমিতির সভাপতি রেহেনা বেগমের সভাপতিত্বে বৈঠকে জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন উপস্থিত ছিলেন। উঠোন বৈঠক পরিচালনা করেন সমিতির ব্যবস্থাপক নাসিমা বেগম। বৈঠকে উপস্থিত সবাইকে কীভাবে মুঠোফোনের মাধ্যমে টাকা জমা দিতে হয়, তা সরাসরি দেখানো হয়।