ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অনুষ্ঠানে প্রধান বিচারপতি
একটি বিচারহীনতা অন্য একটি অপরাধের সাহস জোগায়

একটি বিচারহীনতা অন্য একটি অপরাধের সাহস জোগায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, চোরাচালান দেশের অর্থনীতিকে গ্রাস করছে।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সর্বগ্রাসী থাবা ব্রাহ্মণবাড়িয়ায় বিস্তৃত উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আমাদের খুব পীড়া দেয়। আমাদের অর্থনীতিকে গ্রাস করছে স্মাগলিং।’
ব্রাহ্মণবাড়িয়ায় কোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় না থাকাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘একটি বিচারহীনতা অন্য একটি অপরাধের সাহস জোগায়। বিচারহীনতার সংস্কৃতিকে রোধ করতে হবে। আইনের শাসনকে শক্তিশালী করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সালিস প্রশংসনীয়। কিন্তু মনে রাখতে হবে, সব অপরাধ আপসযোগ্য নয়। বিচারের কণ্ঠরোধ করা মানে অবিচারকে লালন করা। অপরাধের কোনো বর্ণ-গোত্র নেই। এ দেশে একসময় বিচারহীনতার রেওয়াজ ছিল। এ জন্য এ দেশকে অনেক মূল্য দিতে হয়েছে। আজ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি।’
ঢাকায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসীদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়াকে ভালোবেসে প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে অবদান রেখে উন্নয়নে এগিয়ে আসবেন।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুন নূর প্রমুখ।