একটি বিদ্যালয় একজন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুই বছরের বেশি সময় ধরে একজন শিক্ষক দিয়ে চলছে। তিনি দাপ্তরিক কাজে কোথাও গেলে সেদিন চলে অঘোষিত ছুটি। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফজলু মিয়া বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানিয়েও ফল পাইনি। এটি হাওর এলাকা হওয়ায় প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর নেই।’ তিনি দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ চারটি। এর মধ্যে সাত-আট বছর ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষক রিপা রানী রায় ২০১৪ সালের ২ জুলাই থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সহকারী শিক্ষক সীমা রানী তালুকদার বদলি হলে ২০১৫ সালের ৮ মার্চ সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এখানে যোগ দেন। এরপর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাজ, পাঠদানসহ সব একাই করছেন। এ কারণে পাঠদান ব্যাহত হওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। চলতি বছর এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬৯ জন শিক্ষার্থী রয়েছে। গত বছর ছিল ৭২ জন। ২০১৫ সালে ছিল ৭৫ জন।

বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির ছাত্র আকাশ মিয়া, পঞ্চম শ্রেণির ছাত্র শাকিব খান ও তাসলিমা বলে, ‘একজন স্যারই সব বিষয় পড়াইন। হেইন (স্যার) পড়া দিয়া আরেক ক্লাসে চইল্যা যাইন। ঠিকমতো লেখাপড়া করতাম পারতাছি না।’

একমাত্র শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ২০১৫ সালের ৮ মার্চ থেকে বিদ্যালয়টি একাই চালাতে হচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানসহ সব করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে বিদ্যালয়ে তালা মেরে যেতে হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, শিক্ষক-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিপা রানী রায়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য রিপা রানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ খান প্রথম আলোকে বলেন, যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকায় অনেকেই নিয়োগ পেয়েও এসব এলাকার বিদ্যালয়ে যোগদান করেন না। দ্রুত খোঁজ নিয়ে এ সমস্যা সমাধানের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।