একটি বিভাগের নাম পরিবর্তন নিয়ে দুই অনুষদ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ বদল নিয়ে প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা এখন মুখোমুখি অবস্থানে রয়েছেন। উভয় অনুষদের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করছেন। বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিজ্ঞান অনুষদের ‘ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস বিভাগ’ এর নাম ‘ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং’ দিয়ে তা প্রকৌশল অনুষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার সকালে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেন। প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের ওই কর্মসূচির প্রতিবাদে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে একই কর্মসূচি পালন করেন। উপাচার্য খায়রুল আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।