একটি বিষয়কে ঘিরে সম্পর্কের অবনতি উচিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান বলেছে, ‘একটিমাত্র বিষয়কে কেন্দ্র করে’ দুই দেশের সম্পর্কের অবনতি ঘটানো উচিত হবে না। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডিতদের প্রতি সহানুভূতি নিয়ে সৃষ্ট টানাপোড়েনের প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরী গত শুক্রবার বাংলাদেশের গণমাধ্যমের একটি প্রতিনিধিদলকে এ কথা বলেন।
আইজাজ আহমদ চৌধুরী ইসলামাবাদে তাঁর কার্যালয়ে ওই সাক্ষাতের সময় বলেন, একটি বিষয়ের কাছে দ্বিপক্ষীয় সম্পর্ক জিম্মি হতে পারে না। তাই দুই দেশের বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক সম্পর্ক সম্প্রসারিত করা উচিত।
বাংলাদেশি সাংবাদিকেরা মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে পাকিস্তানের বারবার হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করলে আইজাজ বলেন, অতীতকে আঁকড়ে থাকার পরিবর্তে ভবিষ্যৎমুখী হতে হবে। ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন প্রয়োজন।
জামায়াতে ইসলামীর আমির ও একাত্তরের কুখ্যাত আলবদর বাহিনীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ এবং মানবতাবিরোধী বিচারের প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ বলে আখ্যা দেন আইজাজ। তিনি বলেন, ‘সাম্প্রতিক বিচার-প্রক্রিয়া নিয়ে আমরা উদ্বিগ্ন এবং সেটা জানিয়েছি। এই বিচার আমাদের পেছনে নিয়ে যাচ্ছে, সামনের দিকে নয়।’
১৯৭৪ সালের ত্রিদেশীয় চুক্তির উল্লেখ করে পাকিস্তানি পররাষ্ট্রসচিব দাবি করেন, ‘দায়মুক্তি আইন করে বাংলাদেশের সরকার এ ধরনের বিচার না করার সিদ্ধান্ত নিয়েছিল। তাই এখন দুই দেশের উচিত ভুলে গিয়ে ক্ষমা করে দেওয়ার (‘ফরগেট অ্যান্ড ফরগিভ’) চেতনায় অগ্রসর হওয়া।’
তবে বাস্তবতা হচ্ছে, ত্রিদেশীয় ওই চুক্তিতে যুদ্ধাপরাধীদের দায়মুক্তির কোনো শর্ত ছিল না। এ কারণেই কালক্রমে বাংলাদেশ তাদের বিচারের উদ্যোগ নেয়।