একটি বিয়ে ও ‘খোলা তালাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার মৃত্যুর পর সৎমাকে বঞ্চিত করে সমুদয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য তাঁকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তিন সহোদরের বিরুদ্ধে। পুলিশের মধ্যস্থতায় গত বুধবার সালিস বৈঠকে ‘খোলা তালাক’-এর মাধ্যমে ওই নারীর সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামের মুক্তিযোদ্ধা আলেপ তালুকদার তিন বছর আগে মারা যান। তিনি প্রথম ও দ্বিতীয় ঘরের কয়েকটি ছেলেমেয়ে এবং দুই শিশুসন্তানসহ পঞ্চম স্ত্রী আলেয়া বেগমকে (৪২) রেখে যান। অভিযোগ উঠেছে, প্রথম ও দ্বিতীয় পক্ষের তিন ছেলে বাবার সম্পত্তি থেকে সৎমা আলেয়া বেগমকে বঞ্চিত করতে উঠে পড়ে লাগেন। একপর্যায়ে তাঁরা অভিযোগ তোলেন, সৎমায়ের সঙ্গে তাঁর দূর সম্পর্কের আত্মীয় উপজেলার ডাঙ্গি ইউনিয়নের মশাউজান গ্রামের সেলিম হোসেনের (৩৮) অবৈধ সম্পর্ক রয়েছে। গত সোমবার রাতে ওই সহোদরেরা সৎমা আলেয়া বেগমকে জোর করে সেলিম হোসেনের সঙ্গে বিয়ে দেন।সেলিম অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘আপার (আলেয়া বেগম) দেবরের ছেলে আবদুর রহিম গত সোমবার বিকেল পাঁচটার দিকে আপা অসুস্থ—এমন খবর দিয়ে আমাকে গোয়ালদী গ্রামে ডেকে নেন। আলেয়া আপার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে বলে সেখানে অভিযোগ তোলেন তাঁর সৎ ছেলে সেন্টু, আলমগীর ও দিলু, দেবরের ছেলে রহিম ও মহসীন। তাঁরা তাৎক্ষণিক আপাকে বিয়ে করার জন্য আমাকে চাপ দেন। আমি বিবাহিত এবং তিন সন্তানের জনক বলে কান্নাকাটি করলেও তাঁরা স্থানীয় কাজী রফিকুল ইসলামকে ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দেন। ওই রাতেই আপা কৌশলে বাড়ি থেকে পালিয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’আলেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘মৃত্যুর আগে আমার স্বামী আমাকে একটি টিনের ঘর দিয়েছিলেন। সৎ ছেলেরা তা ছিনিয়ে নিয়েছে। জমিজমাসহ বাকি সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মিথ্যা অজুহাত তুলে জোর করে তারা আমার বিয়ে পড়িয়েছিল।’ঘটনার সত্যতা নিশ্চিত করে পুরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোবহান মাস্টার জানান, এ ব্যাপারে গত বুধবার সন্ধ্যায় নগরকান্দা থানায় সালিস বৈঠক হয়েছে। সালিসে আলেয়া ও সেলিম পরস্পরকে তালাক দেন (স্থানীয়ভাবে একে বলে খোলা তালাক)। আলেয়া তাঁর নাবালক সন্তানদের নিয়ে যত দিন স্বামীর ভিটায় থাকবেন, তত দিন তাঁর সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিবেশীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া আলেয়াকে তাঁর স্বামী যে ঘর দিয়েছিলেন তা তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্পত্তি ভাগবাটোয়ারার সময় আলেয়ার অংশ যাতে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়, সে জন্য সৎ ছেলেদের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত নেওয়া হয়েছে।কাজী রফিকুল ইসলাম বলেন, ‘দেড় লাখ টাকা দেনমোহরে এ বিয়ে রেজিস্ট্রি করেছিলাম। মেয়ে আমার সামনে স্বাক্ষর করেনি। আমার অন্যায় হয়ে গেছে।’ ঘটনা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, ‘আমরা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমস্যার সমাধান করে দিয়েছি।’