একটি বৃক্ষ বাঁচানোর দাবিতে সঞ্চারকলিপি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের দেবস্থানের একটি শতবর্ষী বটবৃক্ষ না কাটার দাবিতে গ্রামবাসী গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। গ্রামবাসীর দেওয়া স্মারকলিপি থেকে জানা যায়, দুর্গাপুর গ্রামের পাশে ‘কালাচাঁদ ঠাকুরের গাছ’ হিসেবে পরিচিত একটি বড় বটগাছ রয়েছে। এই গাছের নিচেই গ্রামবাসী যুগ যুগ ধরে পূজা, সন্ধ্যা আরতি দিয়ে আসছেন। এটি তাঁদের কাছে দেবস্থান হিসেবে পরিচিত। সমপ্রতি স্থানীয় কামারগাঁওয়ের অসিত দাস ও অনন্ত দাস এই জমি তাঁদের বলে দাবি করেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে দুর্গাপুর গ্রামবাসী আদালতে মামলা করেন। মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত রোববার থেকে বটগাছটি কাটা এবং ওই বিরোধীয় জমিতে ঘর তোলার কাজ শুরু করেছেন অনন্ত দাসের লোকজন। গতকাল গ্রামবাসী এই গাছকাটা ও ঘর তোলার কাজ বন্ধের দাবিতে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা বলেন, ‘দুর্গাপুর গ্রামবাসীর একটি আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’