একটি বে-ক্রুজ কেবল যাতায়াতের অবলম্বন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্দ্বীপ উপজেলার বাসিন্দারা একপ্রকার অবরুদ্ধ জীবনযাপন করছে। তিন দিন ধরে একটি বে-ক্রুজ (স্টিমারের মতো) ছাড়া সব ধরনের স্পিডবোট ও যন্ত্রচালিত নৌকা চলাচল বন্ধ রয়েছে। ফলে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে যাওয়া লোকজন আটকা পড়েছেন সন্দ্বীপে।

স্থানীয় সূত্র জানায়, সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের কুমিরা ঘাট দিয়ে আটটি স্পিডবোট, একটি সি-ট্রাক, স্টিমারের আদলে একটি বে-ক্রুজ এবং চারটি যন্ত্রচালিত নৌকা দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী পারাপার হয়। সাগর উত্তাল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন একটিমাত্র বে-ক্রুজ দিয়ে যাত্রী পারাপার করানো হচ্ছে, প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপ্রতুল। প্রতিদিন সকাল নয়টায় এটি সন্দ্বীপের গুপ্তছড়া থেকে কুমিরার উদ্দেশে যাত্রা করে। আবার বেলা সাড়ে ১১টায় এটি সন্দ্বীপে যাত্রী নিয়ে যায়। এটির আসনসংখ্যা ২২০। সি-ট্রাক ছাড়া বাকি সব নৌযান জেলা পরিষদের ইজারাদার দ্বারা পরিচালিত হয় বলে জানা গেছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত স্পিডবোট ও যন্ত্রচালিত নৌকা চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একটি সি-ট্রাক ঈদের পর কেবল এক দফা যাত্রী পরিবহন করে। যান্ত্রিক ত্রুটির কারণে এটি এখন বন্ধ রাখা হয়েছে। ২০০ আসনের এই জাহাজটির মেরামতকাজ চলছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূলে। উত্তাল সাগরে সি-ট্রাকে যাতায়াত নিরাপদ মনে করা হয়।

সন্দ্বীপের বাসিন্দা ও চট্টগ্রাম মেডিকেলের শিক্ষক রফিকুল মাওলা প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল থাকার কারণে মুমূর্ষু রোগী ও চাকরিজীবীরা সন্দ্বীপে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। একজন মুমূর্ষু রোগীকে জীবনের ঝুঁকি নিয়ে সোমবার সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আনা হয়। বড় জাহাজ না থাকায় সন্দ্বীপের সঙ্গে সহজ যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা থেকে ভাড়া নিয়ে (চার্টারার) সি-ট্রাক পরিচালনা করছে মেসার্স সফট ট্রেডার্স। সফট ট্রেডার্সের মালিক একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সি-ট্রাকটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এটির মেরামতকাজ চলছে। বৃহস্পতিবার থেকে আমরা যাত্রী পরিবহন করতে পারব।’

সন্দ্বীপের পৌর মেয়র জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে বেড়াতে শত শত মানুষ সন্দ্বীপে আটকা পড়েছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করেন এমন চার-পাঁচজন নিকটাত্মীয় সন্দ্বীপে অবস্থান করছেন। মুঠোফোনে তাঁরা নিজ অফিসের কর্মকর্তাকে সন্দ্বীপে আটকে থাকার বিষয়টি জানিয়েছেন।

জাফর উল্লাহ আরও বলেন, অনিয়মিতভাবে জাহাজ চলাচলের কারণে চাকরিজীবীরা কর্মস্থলে যেতে পারছেন না। অনেকে আমেরিকা ও মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য টিকিট কেটে সন্দ্বীপে আটকা পড়েছেন। আসলে সন্দ্বীপ এখন সাবেক ছিটমহলের বাসিন্দাদের চেয়েও বেশি দুঃখ ভোগ করছে।

রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘সন্দ্বীপে আমার কয়েকটি মাছের প্রকল্প আছে। কিন্তু নৌ-যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন থাকায় চট্টগ্রাম শহরে আমি কয়েক দিন আটকা পড়ি। আজ (মঙ্গলবার) বে-ক্রুজে করে সন্দ্বীপে গিয়েছি।’

জেলা পরিষদের ইজারাদার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল থাকায় স্পিডবোট ও যন্ত্রচালিত নৌকা বন্ধ রাখা হয়েছে। একটি বে-ক্রুজ দিয়ে কেবল যাত্রী পারাপার হচ্ছে।